সরকারের পদত্যাগ ছাড়া জনগণ রাজপথ ছাড়বে না বলে হুঁশিয়ার করেছেন আবদুল মঈন খান।
আজ রবিবার সকালে ময়মনসিংহের বগার বাজারে রোড মার্চপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এই মন্তব্য করেন।
তিনি বলেন, ‘আজকে আমরা রাজপথে নেমেছি। আপনারা এই প্রত্যয় নিন… যতক্ষণ পর্যন্ত না আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনব, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না।
পাশাপাশি যতক্ষণ পর্যন্ত না এই জনপ্রতিনিধিবিহীন সরকার দিনের ভোট রাতে করে ক্ষমতায় অধিষ্ঠিত আছে সেই সরকার পদত্যাগপত্র জমা দেবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না।’
মঈন খান বলেন, ‘বিগত এক বছর যাবৎ আপনারা দেখেছেন, আমরা কোটি কোটি মানুষকে সম্পৃক্ত করে রাজপথে সমাবেশ করেছি, মিছিল করেছি, মিটিং করেছি এবং এই সরকারের প্রতি বাংলাদেশের মানুষ অনাস্থা দিয়েছে। কাজেই এই সরকারের ক্ষমতায় থাকার আর কোনো অধিকার নেই। যত শিগগিরই তারা ক্ষমতা থেকে বিদায় নেবে তত দেশের মঙ্গল হবে।
স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘আগামী দিনে আন্দোলন আরো জোরদার হবে। কারণ মানুষ বাঁচতে চায়, এ দেশের গরিব মানুষের আর বাঁচার উপায় নাই। জিনিসপত্রের দাম যে হারে বাড়তেছে মানুষ জীবন বাঁচাতে পারবে না। কাজেই যদি বাঁচতে চান, যদি সম্মানের সঙ্গে বাঁচতে চান, হালাল উপার্জন করে বাঁচতে চান, যদি মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে চান, নিজের ভোট নিজে দিতে চান, তাহলে এই সরকারের পতন ঘটাতে হবে, নির্দলীয় সরকার প্রতিষ্ঠা করতে হবে।
আগামী দিনে এই লড়াই হবে, এই লড়াইয়ে আমাদের জিততে হবে।’ সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, নতুন নির্বাচন কমিশন গঠন ও খালেদা জিয়ার মুক্তির ‘এক দফা’র দাবিতে এই রোড মার্চ হয়। সকাল সাড়ে ১১টায় ময়মনসিংহের ত্রিশালের বগার বাজারে এই রোড মার্চ শুরু হয়। এটি ১১৪ কিলোমিটার পথ অতিক্রম করে কিশোরগঞ্জ গিয়ে শেষ হবে।
গত ২১ সেপ্টেম্বর বিএনপি সিলেট বিভাগ, ২৩ মার্চ বরিশাল বিভাগ, ২৬ সেপ্টেম্বর খুলনা বিভাগে রোড মার্চ করে।
দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ডা. মাহবুবুর রহমান লিটনের সভাপতিত্বে সমাবেশে দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহসাংগঠনিক সম্পাদক শরীফুল আলম, ওয়ারেছ আলী মামুন, যুবদলের সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের এস এম জিলানি, ছাত্রদলের রাশেদ ইকবাল খান, রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ বক্তব্য দেন।
ঢাকা রিপোর্ট ২৪.কম/এসপি/আরএএম