সোমবার, নভেম্বর ৯, ২০২৬

২৫ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, নভেম্বর ৯, ২০২৬

২৫ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : টাঙ্গাইল

টাঙ্গাইল জেলা প্রতিনিধি

বিএনপি দেশে অরাজকতা তৈরির চেষ্টা করছে : কৃষিমন্ত্রী


DhakaReport24.com || 2022-03-05 18:53:00
বিএনপি দেশে অরাজকতা তৈরির চেষ্টা করছে :  কৃষিমন্ত্রী


কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, বিএনপি ২০১৪ সালের মতো দেশে আবারও অরাজকতা ও অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। তারা মনে করছে দেশে দাঙ্গা-হাঙ্গামা করলেই ক্ষমতায় আসা যাবে। এ ধারণা ভুল। এ দেশের জনগণ কোনোভাবেই তাদের এ অপচেষ্টা মেনে নেবে না।

শনিবার(৫ মার্চ) সকালে টাঙ্গাইলের দেলদুয়ারে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, বিএনপি আন্দোলনে হাওয়া দিতে পারছে না। তাদের পায়ের নিচে এখন আর মাটি নেই। ২০১৫ সাল থেকে তারা একদিনও হরতাল দিতে পারেনি। বাংলাদেশে আর কোনোদিন হরতাল হবে না। আন্দোলনের নামে গাড়িতে আগুন দিলে তাদেরকে চরম মূল্য দিতে হবে। তিনি আরো বলেন, শান্তি-শৃঙ্খলা বজায় রেখে তাদেরকে আন্দোলন করতে হবে। 

ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, বিএনপি সব সময়ই বাঁকা পথে ষড়যন্ত্র করে ক্ষমতায় এসেছে। অন্যদিকে আওয়ামী লীগ ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আজ পর্যন্ত কখনো বাঁকা পথে জনগণের সমর্থন ছাড়া ক্ষমতায় আসেনি। কাজেই আগামী দিনে বাংলাদেশে ষড়যন্ত্র করে কাউকে নির্বাচন বানচাল করতে দেয়া হবে না। ড. রাজ্জাক বলেন, বিএনপিকে ক্ষমতায় আসতে হলে নির্বাচনে আসতে হবে। জনগণের সমর্থনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসতে হবে। জনগণ তাদেরকে নির্বাচিত করলে আমরা ক্ষমতা ছেড়ে দিয়ে তাদের স্বাগত জানাব।


দ্রব্যমূল্যের দাম নিয়ে প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, মোটা চালের দাম স্থিতিশীল আছে। সরু চালের দাম এখনো কিছুটা বেশি। আর ভোজ্য তেলের দাম অন্তর্জাতিক বাজারে অনেক বেড়েছে। ভোজ্য তেল আমাদের আমদানি করে চাহিদা মেটাতে হয়। এ অবস্থায় তেলের দাম কিছুটা না বাড়ালে কেউ আমদানি করবে বলে মনে হয় না। তবে সরকার কঠোরভাবে বাজার মনিটরিং করছে। পর্যাপ্ত পরিমাণ ভোজ্য তেল আনার চেষ্টা করছে। কিন্তু আমাদের মনে রাখতে হবে গত দুই বছরের করোনাকালে উন্নত বিশ্বের কৃষকেরা আবাদ করেনি। আবার ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাব রয়েছে। এসবের প্রভাব বাংলাদেশেও পড়েছে।