বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, সারাদেশের মানুষ আমাদের পাশে আছে। আগামী জানুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। সুন্দর পরিবেশে ভোট হবে। দেশের জনগণ ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করবেন।
শুক্রবার দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলার পীরগাছা সেন্ট পলস উচ্চ বিদ্যালয় মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, আগামী জাতীয় নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। সংবিধানে আছে, যে প্রধানমন্ত্রী আছেন, তিনিই প্রধানমন্ত্রী থাকবেন। নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবেন। তারা (বিএনপি) দাবি করেন, নির্বাচন সুষ্ঠু হবে না। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্ব পুলিশের। তারা আইন প্রয়োগ করবেন। যারা এটার ব্যর্থ করার চেষ্টা করছে, তাদের আমরা বলতে চাই এটি আপনারা করতে পারবেন না।
মন্ত্রী আরও বলেন, বিএনপি প্রতিদিন হরতাল অবরোধ দিচ্ছে। আন্দোলন করে, সমাবেশ করে মিছিল করে, ভালো কথা কিন্তু গাড়িতে কেন আগুন দেয়? যারা আগুন সন্ত্রাস করে তারা মানুষের শত্রু। দেশের ও গণমানুষের শত্রু। আইনশৃঙ্খলা বাহিনী কঠোর হাতে তা দমন করবে। বিএনপি গণতন্ত্র ও রাজনীতির নামে গাড়িতে ও বাড়িতে আগুন দেয়। আইনশৃঙ্খলা বাহিনী তাদের ছাড় দেবে না। আমরা মানুষকে শান্তি দিতে চাই।
শোলাকুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইয়াকুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমিন, সেন্ট পলস ক্যাথলিক গির্জার পাল পুরোহিত ফাদার লরেন্স সিএসসি, মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খ. আব্দুল গফুর মন্টু প্রমুখ। দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে ১২০ জন চিকিৎসক প্রায় ৬ হাজার রোগীদের ফ্রি চিকিৎসা দেন।
ঢাকা রিপোর্ট ২৪.কম/এমআর/আরএএম