টাঙ্গাইলের নাগরপুরে সহবতপুর ইউনিয়নে ঘুনিগজমতি এলাকায় আটতারা ক্লাব আয়োজনে 'নুজাত স্মৃতি ফুটবল টুর্নামেন্ট' সিজন ২ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে ঘুনিগজমতি ঈদগাহ মাঠে উক্ত টুর্নামেন্ট এর দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে মাঠ ছোট হলেও দুটি দলের বেশিরভাগ খেলোয়াড় ছিলো বিভিন্ন ক্লাব থেকে আমন্ত্রিত। ফলে মাঠ প্রাঙ্গন সাধারণ দর্শকে পরিপূর্ণ ছিলো।
ঘুনিগজমতি আট তারা ক্লাবের সহ-সভাপতি মোঃ মাহমুদুর রহমান কিসমত বলেন, আমাদের এই ঈদগাহ মাঠে আগে শুধু ক্রিকেট খেলা হয়েছে। কিন্তু পরবর্তীতে ফুটবল জনপ্রিয় হওয়ায় আমরা এই টুর্নামেন্ট আয়োজন শুরু করি। এলাকাবাসীর ব্যাপক সাড়া পাওয়ায় এবার আমরা দ্বিতীয় বার এই টুর্নামেন্ট আয়োজন করেছি। এখানে বাহির থেকে আমন্ত্রিত খেলোয়াড়দের অংশগ্রহণ বেশি। এতে খেলার পরিবেশ ব্যাপক উৎসবমুখর হয়েছে। এছাড়াও আমাদের মাঠের উন্নয়নের পাশাপাশি ক্লাব ঘর ও গ্রন্থাগার নির্মাণ চেষ্টা চলমান রয়েছে। এদিকে উক্ত ক্লাব সাধারণ সম্পাদক খান আহসান বিপ্লব জানায়, আমরা ক্লাবের উন্নয়নের জন্য চেষ্টা করে যাচ্ছি। সমাজের উচ্চ মহলের কাছে দাবী আমাদের এই ক্লাবের উন্নয়নে সবাই যেনো এগিয়ে আসে। আমাদের এই টুর্নামেন্ট আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই।
ঘুনিগজমতি আট তারা ক্লাব সাংগঠনিক সম্পাদক এস. এম. নির্জয় রহমান আলমগীর বলেন, আমাদের এই জনপ্রিয় ফুটবল টুর্নামেন্টের এবার সিজন ২ চলছে। এই টুর্নামেন্ট আয়োজনের লক্ষ্য হচ্ছে তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা। শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। আমাদের তরুণ প্রজন্ম যত বেশি এতে অংশ নেবে ততটাই তাদের মানসিকতা আরো ভালো হবে। এছাড়াও আশেপাশে গ্রামের মধ্যে সামাজিক সৌহার্দ্য-সম্প্রীতি অটুট রাখতে এমন আয়োজন ব্যাপক প্রয়োজন।
দ্বিতীয় সেমিফাইনাল খেলার উদ্বোধক সহবতপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি সাবেক সভাপতি মো: জাকির হোসেন খান জানায়, ঘুনিগজমতি এলাকাবাসী ব্যাপক ক্রীড়ামোদী। এখানে মাঠের মধ্যে মিনার অবস্থিত হওয়ায় খেলা পরিচালনায় একটু সমস্যা হয়। পরবর্তীতে ঈদগাহ মিনার স্থাপনা স্থানান্তর করে মাঠ সম্প্রসারণ করতে আমি সার্বিক সহযোগিতা করবো। এতে মাঠের পরিবেশ সুন্দর হবে।
উল্লেখ্য, জাঁকজমকপূর্ণ এই দ্বিতীয় সেমিফাইনাল খেলায় অংশ নিয়েছে ব্রাদার্স টিম অব ঘুনিগজমতি ও সোনালী পল্লী ফুটবল টিম ঘুনিগজমতি দুটি দল। এতে ব্রাদার্স টিম ৩ গোল করে বিজয় নিশ্চিত করে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম