টাঙ্গাইলের বাসাইল পোস্টমাস্টারের বিরুদ্ধে মেয়াদী হিসাবের লভ্যাংশের টাকা পেতে গ্রাহকের সাথে প্রতারণা ও হয়রানির অভিযোগ উঠেছে। অভিযোগকারী নাছিমা আক্তার সখিপুর উপজেলার শিরিরচালা এলাকার মোখতার হোসেনের মেয়ে। পোষ্টমাষ্টার মিনহাজ উদ্দিন সখীপুর উপজেলার সাবেক পোস্টমাস্টার ও বর্তমানে বাসাইল পোষ্টঅফিসে কর্মরত।
অভিযোগকারী নাছিমা আক্তার বলেন, ২০২০ সালের অক্টোবর মাসে সখিপুর উপজেলা পোস্ট অফিসে তার মেয়াদী হিসাব নং এফডি-৩৩৫৩২৬ এর ১৭ লক্ষ ৩০ হাজার টাকার লভ্যাংশ যোগ করার জন্য পোস্ট অফিসে পাস বই জমা দেই। আমার জমানো মোট টাকার মধ্যে চার লক্ষ টাকার লভ্যাংশ আমাকে দেয়া হবেনা বলে ওই টাকা নাছিমা আক্তারকে ফেরত দেন কর্তব্যরত পোস্টমাস্টার মিনহাজ উদ্দিন। পরবর্তী সময়ে আবার মেয়াদী হিসাবে টাকা রাখতে গেলে আমার নামের মেয়াদী হিসাবে টাকা না রেখে আমার স্বামীর নামে আরেকটি মেয়াদী হিসাব (এফডি-৪২৬৮৮৮) খুলে সেখানে চার লক্ষ টাকা রাখেন।
তিনি আরও বলেন, বিষয়টি আমার কাছে সন্দেহজনক মনে হলে পরবর্তীতে খোঁজ নিয়ে জানতে পারি আমার নামের মেয়াদী হিসেবের চার লক্ষ টাকার লভ্যাংশ না পাওয়ার পেছনে পোষ্টমাষ্টারের প্রতারণা রয়েছে। পোস্টমাস্টার তার সাথে প্রতারণার আশ্রয় নিয়েছেন বলে তিনি জানান। পরে টাঙ্গাইলের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল বরাবর চার লক্ষ টাকার লভ্যাংশ ফেরত পাবার জন্য একটি অভিযোগ করি।
এই পোষ্টমাষ্টারের সময়ে একই উপজেলার আলেয়া বেগম ও আব্দুর রহিমসহ আরও অনেকে এরকম হয়রানির শিকার হয়েছে বলেও তিনি জানান।
এ বিষয়ে টাঙ্গাইলের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মোহাম্মদ ওমর ফারুক বলেন, গ্রাহকের মেয়াদী হিসাবের লভ্যাংশের টাকা না পাওয়ার ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। পোস্টমাস্টার মিনহাজের বিরুদ্ধে সার্কেলের একটি মামলা চলমান আছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
পোস্টমাস্টার মিনহাজ উদ্দিন জেল হাজতে থাকার কারণে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
ঢাকারিপোর্ট২৪.কম/এনআই/আরএএম