ঢাকা মহানগরীর লালবাগ থেকে শরীয়তপুরের কুখ্যাত বোমাবাজ, বোমা ফাটিয়ে হত্যা চেষ্টা ও নাশকতা মামলার ০১ জন এজাহারভুক্ত পলাতক আসামী আফজাল সরদার(২৪)কে গ্রেফতার করেছে র্যাব ৮ ও র্যাব ১০ এর একটি আভিযানিক দল।
জানা যায়, শরীয়তপুর জেলার গোসাইরহাট থানার কুখ্যাত বোমাবাজ, বোমা প্রস্তুুতকারী, বোমা ফাটিয়ে হত্যা চেষ্টা ও নাশকতা মামলার এজাহারভুক্ত পলাতক আসামী আফজাল সরদার (২৪)’কে ঢাকা জেলার লালবাগ থানার ৬০/১, ইসলামবাগ ওয়াটার ওয়ার্কস রোড, স্টাফ কোয়ার্টাস জামে মসজিদের কাছ থেকে ২৪ আগস্ট রাত ১১টায় গ্রেফতার করে র্যাব। র্যাব-৮ মাদারীপুর ক্যাম্প ও র্যাব-১০ লালবাগ ক্যাম্প-এর যৌথ অভিযানে এই আসামীকে গ্রেফতার করা হয়।
ঘটনার বিবরণে আরো জানা যায়, গ্রেফতারকৃত আফজাল সরদার ও তার সহযোগীরা গত ১১ আগস্ট ২০২৩ তারিখ রাত ৯ টায় ভুক্তভোগী আলাউদ্দীন তালুকদারের পরিবারের উপর হাত বোমা, রামদা, ছেনদা ও লোহার রড দিয়ে পূর্ব পরিকল্পিত ভাবে অতর্কিত হামলা চালায়।
এতে লোহার রডের আঘাতে কয়েক জন কে মারাত্মক জখম করে এবং পরবর্তীতে হাত বোমা ফাটিয়ে একজন ভুক্তভোগীর ডান হাতের পাঁচটি আংগুল ও অপর একজনের পায়ের উরু এবং পায়ের আংগুল অত্যন্ত নারকীয় ভাবে জখম হয়। এসময় আসামী আফজাল সরদার এর নাগেরপাড়া নিজ বসত বাড়িতে অভিযান চালিয়ে কিছু হাত বোমা লুকিয়ে রেখে ঢাকায় পালিয়ে আত্মগোপন করে থাকেন।
এমতাবস্থায় গত ২৪ আগস্ট ২০২৩ ইং তারিখ রাত্র আনুমানিক ৩ ঘটিকায় আসামীর লুকিয়ে রাখা হাত বোমা তার নিজ বসত বাড়ির ভিতরে বিস্ফোরিত হয়ে তাদের বাড়ির চাল উড়ে যায়। আসামীদের রক্ষিত উক্ত বোমা বিস্ফোরিত হয়ে বাড়ি ঘড় পুড়ে ব্যাপক ক্ষয় ক্ষতি সাধন হয়েছে বলে জানা যায়। এঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলে র্যাব ৮, সিপিসি ৩, মাদারীপুর ক্যাম্প ও র্যাব ১০, লালবাগ ক্যাম্প ছায়া তদন্ত শুরু করেন।
র্যাব-৮ মাদারীপুরের কোম্পানী কমান্ডার মোঃ মুহতাসিম রসুল সাংবাদিকদের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, র্যাব-৮ মাদারীপুর তথ্য প্রযুক্তির ব্যবহার ও সামাজিক গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে উক্ত আসামীকে ঢাকা মহানগরীর লালবাগ এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। মাদারীপুর র্যাব-৮ এর এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।