কঠোর নিরাপত্তায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ চলছে। এফডিসিতে সমিতির স্টাডি রুমে চলছে এই ভোটগ্রহণ।
আজ শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল ৯টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) এ নির্বাচন শুরু হয়। ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত।
এবারের নির্বাচনে লড়ছেন গত দুই মেয়াদে নির্বাচিত মিশা-জায়েদ জুটির সঙ্গে কাঞ্চন-নিপুণ প্যানেল। এবার সমিতির ভোটার ৪২৮ জন।
সভাপতি পদে মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক পদে জায়েদ খান নির্বাচন করছেন। তাদের প্যানেলের অন্যান্য পদের প্রার্থীরা হলেন- সহ-সভাপতি খল-অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল, সহ-সাধারণ সম্পাদক অভিনেতা সুব্রত, সাংগঠনিক সম্পাদক চিত্রনায়ক আলেকজান্ডার বো, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক চিত্রনায়ক জয় চৌধুরী, দপ্তর ও প্রচার সম্পাদক অভিনেতা জেকে আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক অভিনেতা জাকির হোসেন এবং কোষাধ্যক্ষ পদপ্রার্থী অভিনেতা ফরহান।
এদিকে এ প্যানেলের প্রতিদ্বন্দ্বিতা করছে কাঞ্চন-নিপুণ প্যানেল। সভাপতি পদে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক পদে লড়ছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। এ প্যানেলে রয়েছেন- সহ-সভাপতি চিত্রনায়ক রিয়াজ আহমেদ ও ডি এ তায়েব, সহ-সাধারণ সম্পাদক চিত্রনায়ক সাইমন সাদিক, সাংগঠনিক সম্পাদক অভিনেত্রী শাহনুর, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক চিত্রনায়ক নিরব হোসেন, দপ্তর ও প্রচার সম্পাদক অভিনেতা আরমান, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক চিত্রনায়ক মামনুন হাসান ইমন ও কোষাধ্যক্ষ পদে প্রার্থী হয়েছেন অভিনেতা আজাদ খান।