নিজের মেকআপ আর্টিস্টের বিয়ে করিয়ে দিয়ে ভক্তদের কাছ থেকে ব্যাপক প্রশংসা কুড়ালেন বলিউডের পরিচিত মুখ শ্রদ্ধা কাপুর।
মুসলিম বিয়েতে কাজী বা ইমাম, হিন্দু বিয়েতে পুরোহিত, খ্রিস্টান বিয়েতে প্যাস্টর এবং ইহুদি বিয়েতে রাব্বাই যে দায়িত্ব পালন করে থাকেন তাদেরকেই বলা হয় ম্যারেজ অফিশিয়েন্ট বা বিবাহ কর্মকর্তা। মূলত নিজের বন্ধু এবং মেকআপ আর্টিস্ট নায়েকের বিয়েতে এই গুরু দায়িত্বই পালন করেছেন বলি অভিনেত্রী শ্রদ্ধা কাপুর।
খ্যাতিমান বলিউড খলনায়ক শক্তি কাপুরের মেয়ে শ্রদ্ধা খুব অল্প সময়ে নানা কাজের মাধ্যমে নিজের প্রতিভা দিয়ে দর্শকের হৃদয় জয় করেছেন। তবে এবারে সিনেমা নয়, সম্পূর্ণ ভিন্ন কারণে শ্রদ্ধাকে প্রশংসায় ভাসিয়েছেন তার ভক্তরা।
নায়েকের বিয়ের ভিডিও ইনস্টগ্রামে ছড়িয়ে পড়লে সেখানে দেখা যায়, শ্রদ্ধা কাপুর যিনি নায়েকের ব্রাইডমেড ছিলেন , হালকা বেগুনী ড্রেসে মিনিমাল মেকআপে একটি মাইক হাতে বর-কনেকে সামনে নিয়ে বিয়ে পড়াচ্ছেন। এই ভিডিও শেয়ার করে শ্রদ্ধার মেকআপ আর্টিস্ট শ্রদ্ধা নায়েক লেখেন, 'প্রিয় শ্রাদ্দি, ১২ বছর আগে কর্মসূত্রে পরিচয় হওয়া থেকে শুরু করে বন্ধুত্ব এরপর আমার বিয়ের অফিশিয়েটর, অনেকটা পথ চলে এসেছি আমরা। অনেক ধন্যবাদ।'
এদিকে, কাজ নিয়েও বেশ ব্যস্ত সময় পার করছেন 'বাগী থ্রি' খ্যাত এই অভিনেত্রী। 'নাগিন' ট্রিলজিতে দেখা যাবে শ্রদ্ধাকে। এছাড়াও পরিচালক লাভ রঞ্জনের সিনেমায় রণবীর কাপুরের বিপরীতেও কাজ করছেন তিনি। 'সাহো', 'স্ট্রিট ডান্সার থ্রিডি', 'আশিকি টু', 'এক থা ভিলেন' সিনেমা গুলোর জন্য বিখ্যাত শ্রদ্ধা কাপুর।