আজ ৮ মার্চ বিশ্ব নারী দিবস। এক শতাব্দী ধরে দিনটি পালিত হচ্ছে বিশ্বজুড়ে। শুরুতে পশ্চিমা দেশগুলোতে হলেও আজকাল বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। বিভিন্ন দেশের মতো বাংলাদেশে নারীরাও এ দিন উদযাপন করে থাকেন বেশ আয়োজন করে।
এদিকে নারী দিবস নিয়ে পুরুষের ভাবনা কী জানতে যোগাযোগ করা হয় চিত্রনায়ক জায়েদ খানের সঙ্গে। ঢাকা মেইলের সঙ্গে কথোপকথনের সময় জায়েদ তার ভাবনা জানানোর পাশাপাশি নারীদের প্রতি নিজের প্রত্যাশাও ব্যক্ত করেন।
জায়েদ বলেন, ‘নারীরা মায়ের জাতি, বোনের জাতি। নারী থাকে যত্নে, ভালোবাসায়। নারী থাকে বিশ্বাসে।’
প্রতি বছর এই দিনে শিক্ষিত ও সচেতন নারী সমাজ বেশ আয়োজন করে নারী দিবস পালন করে থাকে। দেওয়া হয় বিভিন্ন রকম সচেতনতামূলক বার্তা। সেই বার্তা প্রান্তিক জনগোষ্ঠীর খেটে খাওয়া নারীর কাছে পৌঁছাতে প্রয়োজন প্রচার বলে মনে করেন তিনি।
এ নায়ক বলেন, ‘ভালোই পৌঁছায়। তবে আরেকটু প্রচারের মাধ্যমে পৌঁছে দিতে হবে। এখন তো প্রচারের যুগ। হাতের মুঠোয় পৃথিবী। সবার হাতে স্মার্ট ফোন। বিশ্বায়নের যুগে নারী দিবসের শ্লোগান, প্রতিপাদ্য বিষয় হাতে হাতে ছড়িয় দিতে হব।’
সময়ের সঙ্গে দৃশ্যপট বদলেছে। ঘরে-বাইরে পুরুষের সঙ্গে কাঁধ মিলিয়ে কাজ করছেন নারীরা। তবে সামাজিক মাধ্যমে বেড়ে নারীর প্রতি জিঘাংসা, কটাক্ষ। বিষয়টি নারীর এই অগ্রগতিকে কী দুর্গম করে তুলছে না?
জবাবে জায়েদ খান বলেন, ‘এটা হীনমন্যতা, সামাজিক অবক্ষয়। কিছু মানুষ আছে যারা নারীর চলার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। কিছু কুসংস্কারাচ্ছন্ন মানুষেরা নারীদের এগিয়ে যাওয়া ভালোভাবে দেখে না। তাদের দ্বারাই নারীরা আক্রান্ত হয়।’
জায়েদের মতে দেশ-বিদেশে অগণিত নারী ভক্ত তার। তাদের উদ্দেশে এ নায়কের বার্তা, ‘নারীরা আমাকে বরাবরের মতোই ভালোবাসুক। তাদের প্রতি আমারও শ্রদ্ধা ভালোবাসা। যেহেতু আমি সিঙ্গেল ওই জায়গা থেকে আমার প্রতি তাদের ভালবাসা যেন এরকমই থাকে। আমার ছবি দিয়ে কেউ বালিশে কাভার লাগিয়ে ঘুমাক, কেউ ছবি নিয়ে ঘুমাক। নারীদের প্রতি নারী দিবসে এটাই প্রত্যশা আমার।’
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম