কলম্বিয়ার জনপ্রিয় অভিনেত্রী সোফিয়া ভারগারা। একাধারে তিনি মডেল-অভিনেত্রী, কমেডিয়ান, টেলিভিশন উপস্থাপক। ব্যক্তিগত জীবনে ৪৭ বছর বয়সী মার্কিন অভিনেতা জো ম্যাঙ্গানিলোর সঙ্গে ঘর বেঁধেছিলেন ৫১ বছর বয়সী এই অভিনেত্রী।
তবে ২০২৩ সালের জুলাই মাসে ৮ বছরের সংসার জীবনের ইতি টানার ঘোষণা দেন সোফিয়া-জো ম্যাঙ্গানিলো। বিবাহবিচ্ছেদের কারণ ওই সময়ে ব্যাখ্যা করেননি। সম্প্রতি স্প্যানিশ গণমাধ্যম এল পাইসে সাক্ষাৎকার দিয়েছেন সোফিয়া। এতে বিয়েবিচ্ছেদ নিয়ে বিস্তারিত কথা বলেছেন এই অভিনেত্রী।
বিচ্ছেদের কারণ ব্যাখ্যা করে সোফিয়া ভারগারা বলেন, ‘আমার বিবাহবিচ্ছেদ হয়েছে কারণ আমার স্বামীর বয়স এখনো কম। সে সন্তান চায়। কিন্তু বৃদ্ধ বয়সে আমি মা হতে চাই না। আমি মনে করি, এখন সন্তান নেওয়ার সময় নয়। এ বয়সে যারা সন্তান নেন, তাদের আমি সম্মান করি। কিন্তু এটি আমার জন্য নয়।’
১৯৯১ সালে জো গঞ্জালেজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সোফিয়া ভারগারা। ওই সময়ে বিশ্ববিদ্যালয়েও ভর্তি হননি তিনি। ১৯৯৩ সালে ভেঙে যায় সোফিয়ার প্রথম বিয়ে। এই সংসারে মানোলো গঞ্জালেজ ভারগারা নামে তাদের একটি পুত্র সন্তান রয়েছে। অভিনেত্রী জানান, তিনি মূলত দাদি হওয়ার জন্য প্রস্তুত। তা ছাড়া তার ঋতুস্রাব এখন প্রায় বন্ধ হয়ে গেছে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম