বিয়ের পর থেকেই ট্রলের শিকার হচ্ছেন অভিনেতা পরমব্রত চট্টপাধ্যায়। গত ২৭ নভেম্বর সাতপাকে বাঁধা পড়েন ৪৩ বছর বয়সী এই অভিনেতা। পাত্রী বন্ধু গায়ক অনুপম রায়ের সাবেক স্ত্রী পিয়া চক্রবর্তী। আর এ কারণেই বিয়ের দুই সপ্তাহ পেরিয়ে গেলেও ট্রলের শিকার হচ্ছেন পরমব্রত-পিয়া।
তবে সব কিছু পেছন ফেলে নিজেদের মতো করে সময় কাটিয়েছেন তারা। মধুচন্দ্রিমা সেরেছেন দেশের বাইরে। নেটিজেনদের তীব্র সমালোচনা নিয়ে মুখ খুললেন পরমব্রত।
ভারতীয় গণমাধ্যম নিউজ ১৮-কে দেওয়া সাক্ষাৎকারে পরমব্রত বলেন, ‘বিয়ের পর এমন এক অদ্ভুত সিচুয়েশনের মধ্যে রয়েছি, যা বলে বোঝানো যাবে না। একদিকে যেমন আমাদের বিবাহিত জীবন সুখী হওয়ার শুভেচ্ছা আসছে, অন্যদিকে ট্রলিংয়ের বন্যা বয়ে গেছে। নানা ধরনের নানা রকমের ট্রলিং। কী করব, কী বলব, ঠিক বুঝে উঠতে পারছি না। কারণ আমি ট্রলিং ফলো করি না এবং সেই সময়ও আমার নেই।’
তিনি বলেন, ‘কাছের মানুষদের কাছ থেকে, বন্ধু-বান্ধবদের কাছ থেকে ট্রলিংয়ের বিষয় শুনতে পাচ্ছি এবং অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে, যা বলে বোঝাতে পারব না। আবার বহু প্রিয় মানুষ, বন্ধু-বান্ধব অনুরাগীরা আমার নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানাচ্ছেন। প্রথম একটা সপ্তাহ এই শুভেচ্ছা ও ট্রলিংয়ের ব্যালেন্সটা সামলাতেই চলে যায়। তারপর বাইরে ঘুরতে গিয়েছিলাম, খুব ভালো সময় কাটিয়েছি; মাত্র দেশে ফিরেছি। তবে আমি সবকিছুই খুব স্পোর্টিংলি নিয়ে থাকি।’
২০২১ সালে দীর্ঘ ৬ বছরের দাম্পত্যে ইতি টেনেছিলেন সঙ্গীতশিল্পী অনুপম রায় ও স্ত্রী পিয়া রায়। সোশ্যাল মিডিয়ায় এই বিচ্ছেদের ঘোষণা দেন তারা। তখন থেকেই গুঞ্জন ছিল পরমের কারণেই এই বিচ্ছেদ। গত দুই বছরে পরম-পিয়া আরও কাছে এসেছেন। শেষ পর্যন্ত বিয়ে করলেন তার।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম