কাশ্মীর থেকে কন্যাকুমারী—আসুমদ্র হিমাচল মাধুরী দীক্ষিতের সৌন্দর্যে মোহিত। বলিউডের ধক ধক গার্ল তিনি। কোটি কোটি পুরুষের স্বপ্ন-সুন্দরী। এবার এই সুন্দরীই নামছেন রাজনীতির মাঠে। সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, আসন্ন লোকসভা নির্বাচনে মুম্বাই থেকে লড়বেন তিনি। এখন প্রশ্ন হলো, কোন দলের হয়ে লড়বেন নায়িকা?
জানা গেছে, সবকিছু ঠিক থাকলে ২০২৪ সালের লোকসভা ভোটে বিজেপির টিকিটে অভিষেক হতে চলেছে অভিনেত্রীর। কানাঘুষা খবর, ইতোমধ্যেই একাধিক বিজেপি নেতার সঙ্গে শুরু হয়েছে তার ওঠাবসা। ওয়াংখেড়েতে ভারত-নিউজিল্যান্ডের সেমিফাইনাল ম্যাচে মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার, এনসিপি নেতা প্রফুল প্যাটেল এবং বিজেপি নেতা আশিস শেলারের সাথে অভিনেত্রীকে দেখা যাওয়ার পর থেকেই শুরু হয়েছে জল্পনা।
যদিও নর্থ মুম্বাই নাকি নর্থ ওয়েস্ট মুম্বাই থেকে তিনি দাঁড়াবেন—তা এখনও চূড়ান্ত নয়। তবে সূত্র বলছে, পুনম মহাজনের আসনে বিজেপির বাজি হতে পারেন মাধুরী দীক্ষিত। যদিও এর আগে ২০১৯ সালেও শোনা গিয়েছিল যে, পুনে আসনে তিনি প্রার্থী হচ্ছেন। তবে সেবার সব জল্পনাকেই মিথ্যা বলে জানিয়েছিলেন তিনি।
যদিও এ বিষয়ে মাধুরী বা তার কোনো সূত্রের তরফ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। রাজনীতিতে তিনি আদৌ আসবেন কি না—তা নিয়ে জোর চর্চা চলছে। তবে মাধুরী দীক্ষিত যদি সত্যিই মহারাষ্ট্র থেকে দাঁড়ান, তাহলে সংশ্লিষ্ট আসনে জয় পাকা বলেই মনে করছে গেরুয়া শিবির।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম