ত্রিভুজপ্রেমের গল্পের ছবি ‘যন্ত্রণা’। যে সিনেমায়চিত্রনায়ক আদর আজাদের সঙ্গে অভিনয় করেছেন দুই নায়িকা সায়মা স্মৃতি ও মানসী প্রকৃতি। নায়িকা হিসেবে এর আগে মানসীর সিনেমা মুক্তি পেলেও সায়মা স্মৃতির এবারই প্রথম। মানে ‘যন্ত্রণা’ দিয়েই বড় পর্দায় অভিষেক হচ্ছে তাঁর। এর আগে বিজ্ঞাপনে কাজ করা হয়েছে তাঁর। অমিতাভ রেজা ও অনম বিশ্বাস পরিচালিত গ্রামীণফোনের দুটি বিজ্ঞাপনচিত্রে কাজ করে দর্শকের দৃষ্টি আকর্ষণ করেছিলেন সায়মা। পরে ব্র্যাকসহ একাধিক স্বনামধন্য প্রতিষ্ঠানের টিভিসিতেও কাজ করেছেন।
এবার চলচ্চিত্রে অভিষেক। যদিওঅপূর্ব রানার ‘জলরঙ’, এইচআর হাবিবের ‘জল কিরণ’, আবু সাঈদের ‘সংযোগ’ ছবিতেও কাজ করেছেন তিনি।এর কোনোটিই এখনও মুক্তি পায়নি। তাঁর অভিষেক হচ্ছে ‘যন্ত্রণা’ দিয়েই।
সায়মা বলেন,‘যন্ত্রণা ছবির মাধ্যমে আমি বড়পর্দায় প্রথমবার আসছি। নতুন হিসেবে হয়তো কিছু ভুলত্রুটি থাকতে পারে। তবে আমি ভুল থেকে শিক্ষা নিয়েছি। আগামীতে এই শিক্ষা কাজে লাগিয়ে চলচ্চিত্রে এগিয়ে যেতে চাই।’ নিজের অভিনীত সিনেমা নিয়ে সায়মা স্মৃতি বলেন, ‘খুব সুন্দরভাবে এর কাজ করেছি আমরা। গল্পটাও চমৎকার। মুক্তির জন্য অপেক্ষা করছি। ছবিটি নিয়ে আমি বেশ আশাবাদী।’
‘যন্ত্রণা’ আবদুল্লাহ জহির বাবুর গল্পেপরিচালনা করেছেন আরিফুর জামান আরিফ। পরিচালকেরও প্রথম ছবি এটি।গত ২৭ অক্টোবর সিনেমাটি মুক্তির কথা ছিল। কিন্তু সে সময় ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার দর্শক চাহিদার কথা বিবেচনা করে এবং সিনেমাটির প্রতি শ্রদ্ধা জানিয়ে সরে দাঁড়ায় বলে জানায় ‘যন্ত্রণা’ টিম।দুই সপ্তাহ পিছিয়ে সেটি মুক্তি পাচ্ছে আজ।
এসিনেমার মাধ্যমে ক্যারিয়ারের ষষ্ঠ এবং মুক্তির দিক দিয়ে চতুর্থ সিনেমার নায়িকা অভিনেত্রী মানসী প্রকৃতি।সিনেমাটি প্রসঙ্গে প্রকৃতি বলেন, ‘এর গল্প ও চরিত্রটি ভালো। চেষ্টা করেছি নিজের সেরাটা দিয়ে কাজটি করতে। এরপরও ভালোর তো আর শেষ নেই। তবে দর্শক এখন যে ধরনের গল্পের সিনেমা দেখতে চান, এটি তেমনই। গল্পে অনেক বাঁক রয়েছে। চেষ্টা করেছি নিজের চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে।’
মানসি আরও বলেন, ‘অনেক দিন পর বড় পর্দায় আসছি। দর্শকরা আমাকে কীভাবে নেন, সেটি দেখার জন্য মুখিয়ে আছি। আশা করছি, গল্প ও চরিত্র মিলিয়ে সিনেমাটি দর্শকের ভালো লাগবে।’
স্মার্ট মাল্টিমিডিয়া প্রযোজিতসিনেমাটিতে চারটি গান রয়েছে। দুটি করে গান লিখেছেন জনপ্রিয় গীতিকার সুদীপ কুমার দীপ ও রবিন ইসলাম। গানগুলো গেয়েছেন আকাশ সেন, কনা, বেলী আফরোজ, মিলন, আতিয়া আনিসা, অয়ন চাকলাদার ও কর্ণিয়া। আবহ সংগীত করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত ইমন সাহা। সংগীতায়োজনে রবিন ইসলাম।
সিনেমাটিতে আরও অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, ডন, বড়দা মিঠু, আশরাফ কবির, সোহেল রশিদ, গাঙ্গুয়া, জাহিদ, পারভেজ সুমন, শেখ স্বপ্না, পারভিন আক্তার, অতিথি শিল্পী তনামি হক প্রমুখ।
ঢাকা রিপোর্ট ২৪.কম/এমআর/আরএএম