মুক্তির অপেক্ষায় রয়েছে আল্লু অর্জুন অভিনীত পুষ্পার দ্বিতীয় কিস্তি অর্থাৎ ‘পুষ্পা : দ্য রুল’। এখন চলছে সিনেমাটির শেষ দিকের শুটিং। এরমধ্যেই দুর্ঘটনার কবলে পড়েছে সিনেমাটির টিম।
বাস দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সিনেমার সঙ্গে যুক্ত একাধিক কলাকুশলী। দুর্ঘটনার পরেই ওই এলাকার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহত শিল্পীদের। সেখানেই প্রাথমিক চিকিৎসা চলছে তাদের।
সূত্র অনুসারে, সিনেমার প্রধান তারকা আল্লু অর্জুন সুস্থ আছেন। যদিও এখন পর্যন্ত দুর্ঘটনা সম্পর্কে কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি নির্মাতাদের পক্ষ থেকে।
ভারতীয় সংবাদমাধ্যম ই-টাইমের রিপোর্ট অনুসারে, ‘পুষ্পা টু’-এর টিমের সদস্যরা যে বাসে ছিলেন সেটিকে ধাক্কা মারে অপর একটি বাস। দুটি বাসের সংঘর্ষে গুরুতর চোট পেয়েছেন অনেকেই।
কারো কারো আঘাত বেশ গুরুতর। তাদের দ্রুত স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। জানা গেছে, বুধবার তেলেঙ্গানা থেকে অন্ধ্র প্রদেশের উদ্দেশে রওনা দিয়েছিল টিম পুষ্পা। একটি বাসে টিমের সকল সদস্য ছিলেন। মাঝপথে অপর একটি বাস আচমকা সজোরে ধাক্কা মারে। ঘটনাটি ঘটেছে নারকেটপল্লীর কাছে হায়দরাবাদ-বিজয়ওয়াড়া হাইওয়েতে।
ঢাকারিপোর্ট২৪.কম/টিএএস/আরএএম