আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহীকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
শনিবার (১৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ তথ্য জানিয়েছেন গাজীপুরের ডিবি কর্মকর্তা আসাদুজ্জামান।
এবিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোল্যা নজরুল ইসলাম বলেন, চিত্রনায়িকা মাহিয়া মাহি ও তার স্বামী রকিব সরকার অপমান, অপদস্ত ও হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে বিভিন্ন মিথ্যা, বানোয়াটা, আক্রমণাত্মক, কুরুচিপূর্ণ ও মানহানিকার তথ্য প্রচার করে আইনশৃঙ্খলা অবনতি ঘটানোর অপরাধ করেছেন। এ কারণে ডিজিটাল নিরাপত্তা আইনে তাদের নামে মামলা করা হয়েছে।
এর আগে, শুক্রবার (১৭ মার্চ) রাতে গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রোকন মিয়া বাদী হয়ে মাহিয়া মাহী ও তার স্বামী রকিব সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় মাহীকে গ্রেপ্তার করা হয়েছে।
সম্প্রতি চিত্রনায়িকা মাহিয়া মাহী তার স্বামী রকিব সরকারের সঙ্গে সৌদি আরব যান ওমরা হজ পালন করতে। সেখান থেকে শুক্রবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে স্বামী রকিব সরকারের গাড়ির শোরুমে হামলা ও ভাঙচুরের অভিযোগ তুলেন।
ফেসবুক লাইভে তিনি দাবি করেন, তার স্বামীর ব্যবসা প্রতিষ্ঠান সনিরাজ কার প্যালেস নামের গাড়ির শোরুমের গেট ভেঙে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। ইসমাইল হোসেন ও মামুন সরকারের নেতৃত্বে এ হামলা চালানো হয় বলে অভিযোগ করেন মাহিয়া মাহী। এ সময় গাজীপুর মেট্টোপলিটন পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ তুলেন মাহী।
মাহীর ফেসবুক লাইভের পর সংবাদ সম্মেলন করেন স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেন। তিনি সংবাদ সম্মেলনে পাল্টা অভিযোগ তুলে বলেন, রকিব সরকার তার প্রায় সোয়া ১১ শতাংশ জমি দখল করে গাড়ির শো-রুম করেছেন। সরকারের বিভিন্ন দপ্তরে তিনি এ বিষয়ে অভিযোগ দিয়েছেন, বিষয়টি মীমাংসার জন্য দফায় দফায় চেষ্টাও করা হয়। এরই মধ্যে বৃহস্পতিবার রাতে নতুন কিছু গাড়ি রকিব সরকারের লোকজন ওই শো-রুমে উঠাতে থাকে।
তিনি বলেন, এমন খবর পেয়ে আমিসহ কয়েকজন সেখানে হাজির হই। এ সময় রকিব সরকারের লোকজন আমাদের ওপর হামলা চালায়। তারা নিজেরাই নিজেদের শো-রুম ভাঙচুর করেছে। ওই জমি রকিব সরকারের নয়।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম