স্টুডিও থেকে বের করে দেয়া হয় আমিরকে
DhakaReport24.com || 2021-04-04 20:39:30
বলিউড অভিনেতা আমির খানের আর এক নাম ‘মিস্টার পারফেকশনিস্ট’। অভিনয় থেকে আচরণ সবই এত মেপে বুঝে করেন তিনি যে তাতে সহজে খুঁত বের করা যায় না। সে কারণেই তিনি পারফেকশনিস্ট।
কিন্তু জানেন কি একবার এই পারফেকশনিস্ট আমিরকে স্টুডিও থেকে বের করে দিয়েছিলেন এক নামজাদা গায়িকা।
পর্দায় প্রধান চরিত্র হিসেবে আমিরের আত্মপ্রকাশ ‘ক্যায়ামত সে ক্যায়ামত তক’ ছবি দিয়ে। জুহি চাওলার বিপরীতে আমিরের অভিনয় দর্শকদের মন ছুঁয়ে গিয়েছিল।
তাছাড়া এই ছবির সাথে আমিরের গভীর সম্পর্ক ছিল। ছবির পরিচালক নাসির খানের ভাইপো ছিলেন আমির। তার উপর তিনি শুধু নায়কের ভূমিকায় অভিনয়ই করেননি। তিনি পরিচালকের সহযোগী হিসেবেও কাজ করছিলেন। জুহির অডিশন নেয়া থেকে শুরু করে ছবির বেশিরভাগ অভিনেতাকে বেছে নেয়া, ছবির প্রতিটি শ্যুটের জন্য জায়গা ঠিক করা- সব গুরুত্বপূর্ণ কাজেই তার ভূমিকা ছিল।
কিন্তু এই ছবিরই শ্যুটিংয়ের সময় এমন একটি ঘটনা ঘটেছিল যে কারণে আমিরকে নাকি স্টুডিও থেকে বার করে দিয়েছিলেন এক গায়িকা। ছবির একটি গানের জন্য স্টুডিও’য় এসেছিলেন অলকা ইয়াগনিক। গানটির রেকর্ডিং শুরু করেন তিনি। সে সময় স্টুডিও’র ভেতরে আমিরও ছিলেন। আমির নাকি বারবার তার দিকে তাকাচ্ছিলেন। বিষয়টি একেবারেই পছন্দ হয়নি অলকার। আমিরের এই বারবার তাকানো তাকে অস্বস্তিতে ফেলছিল। ফলে স্টুডিও থেকেই আমিরকে বের করে দেন তিনি। আর কোনো প্রতিবাদ না করে আমিরও চুপচাপ স্টুডিও থেকে বেরিয়ে যান।
অলকা তখনো আমিরের পরিচয় জানতেন না। তিনি যে ছবির নায়ক ও পরিচালকের আত্মীয় তাও জানতেন না। পরে পরিচালক নাসির স্টুডিওতে আসেন গানের রেকর্ডিং দেখার জন্য। বাইরে দাঁড়িয়ে থাকা আমিরকে নিয়েই তিনি ভিতরে ঢোকেন ও অলকার সাথে কথা বলার পর আমিরের প্রকৃত পরিচয় দেন।
তখন বেশ অস্বস্তিতে পড়ে যান গায়িকা। পরে তার আচরণের জন্য আমিরের কাছে দুঃখপ্রকাশও করেন অলকা। -আনন্দবাজার পত্রিকা