বলিউড তারকা সালমান খানের চ্যারিটেবল ট্রাস্টের ফ্যাশন ব্র্যান্ড ‘বিয়িং হিউম্যান’ এখন ঢাকার বনানীতে। ঢাকায় এসে সেটি উদ্বোধন করেছেন সালমান খানের ভাই সোহেল খান। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টায় অনুষ্ঠানস্থলে এসে পৌঁছান তিনি।
অনুষ্ঠানে সাংবাদিক ও কৌতূহলীদের নানান প্রশ্নের উত্তর দিয়েছেন সোহেল খান। ব্যক্ত করেছেন নিজের অনুভূতিও। জানান, বনানীতে আসার আগে খুব নার্ভাস ছিলেন তিনি। কিন্তু এখানকার মানুষের অভিবাদন পেয়ে বেশ মুগ্ধ হয়েছেন।
সোহেল খান বলেন, ‘আপনাদের দেখে খুব ভালো লাগছে। সালমান খানের এই উদ্যোগের অংশীদার আপনারা সবাই। আমি এখানে আসার আগে কিছুটা নার্ভাস ছিলাম। ভাবছিলাম - সালমানের বদলে আপনারা আমাকে গ্রহণ করবেন তো?’
খুব ব্যস্ত সময় কাটাচ্ছেন সালমান খান হাতে অনেক কাজ। তাই বনানীর এই আউটলেট উদ্বোধন করতে সালমান খানের বদলে এসেছেন সোহেল খান। চলে যাবেন আগামীকালই। আবার কবে আসবেন - এমন প্রশ্নের উত্তরে সোহেল খান বলেছেন, ‘আগামীকাল ফিরে গিয়ে সুযোগ পেলে আবার পরশুই এখানে আসতে চাই। ঢাকার মানুষের হাসিমুখ দেখে আমি আনন্দিত। এই হাসিমুখ বারবার দেখতে চাই।’
সালমান খান কখনো তার এই আউটলেটে আসবেন কিনা - এমন প্রশ্নের উত্তরে সোহেল খান বলেন, ‘এটা তো সালমানেরই আউটলেট। যেখানেই থাকুক ও এখানে আসবেই। এখন ওর আসার মতো পরিস্থিতি ছিল না। তাই আমি এসেছি।’
ঢাকায় নেমে বাংলাদেশি খাবারের সুনাম করতেও ভোলেননি সোহেল খান। তিনি বলেন, ‘বাংলা খাবারের জন্য মুখিয়ে আছি। আগামীকাল শুক্রবার পর্যন্ত থাকব। বাংলাদেশের মাছ ও বিরিয়ানি খাব।’ জানিয়েছেন বাংলা সিনেমা নিয়ে তার অনুভূতিও। ‘বাংলাদেশের সিনেমা আমি দেখেছি। নাচ, গান, অভিনয় দারুণ লাগে। হলিউড, বলিউড, টলিউড, ঢালিউড খুব শিগগিরই এক হয়ে যাবে। কারণ এখন সিনেমাটা গ্লোবালি মুভ করছে’, বলেন সোহেল খান।
ঢাকারিপোর্ট২৪.কম/রাফিও/আরএএম