অবশেষে সেই সামান আলী সরকার লুঙ্গি পরেই স্টার সিনেপ্লেক্সে সিনেমা দেখলেন। ৪ আগস্ট (বৃহস্পতিবার) রাজধানীর সনি স্কয়ারের স্টার সিনেপ্লেক্সে ‘পরাণ’ সিনেমাটি দেখেন তিনি। তার পরিবারও এ সময় সঙ্গে ছিল।
বৃহস্পতিবার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন স্টার সিনেপ্লেক্সের মিডিয়া মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেজবাহ উদ্দিন আহমেদ।
মেজবাহ উদ্দিন আহমেদ, ‘আমরা সামান আলী ও তার পুরো পরিবারকে সিনেমা দেখার আমন্ত্রণ জানিয়েছি। তিনি পরিবারসহ সিনেপ্লেক্সে সন্ধ্যা সাড়ে ৭টার শোতে ‘পরাণ’ দেখেছেন। আমরা সামান আলী ও তার পরিবারকে খুশি করতে পেরে আনন্দিত।’
এর আগে, ৩ আগস্ট (বুধবার) রাজধানীর মিরপুরের সনি স্কয়ারে স্টার সিনেপ্লেক্সর শাখায় লুঙ্গি পরে ‘পরাণ’ সিনেমাটি দেখতে যাওয়ায় সামান আলীকে টিকিট না দেওয়ার অভিযোগে সামাজিক মাধ্যম হয়ে উঠে সরগম। ভাইরাল হওয়া সেই ভিডিওটিতে দেখা যায়, ওই বৃদ্ধ দাবি করেন, লুঙ্গি পরেছেন বলে তার কাছে সনি স্কয়ারের কাউন্টার থেকে টিকিট বিক্রি করা হয়নি। সেজন্য সিনেমা না দেখেই তাকে বাসায় ফিরে যেতে হচ্ছে।
বাংলা চলচ্চিত্র নামে চলচ্চিত্রবিষয়ক একটি গ্রুপে সেই বৃদ্ধের ছবি ও ভিডিও পোস্ট করে ঘটনা তুলে এনেছেন কাওসার আহমেদ নামের এক প্রত্যক্ষদর্শী। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হয় এবং প্রতিবাদের ঝড় ওঠে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমএ/আরএএম