ঢাকাই সিনেমার তারকাদ্বয় (শরিফুল রাজ ও পরীমণি) বিয়ে করেছেন গত বছরের অক্টোবর মাসে। বিয়ের পরে তাদের ভালোবাসা যেন আরও বেড়ে গেছে।
সেটাই অকপটে বললেন রাজ। স্ত্রী পরীমণির প্রতি মুগ্ধতার কথা জানিয়ে ধন্যবাদ দিয়েছেন তিনি। পরীর সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে এই আলোচিত অভিনেতা ফেসবুকে লিখেছেন, ‘তোমার সঙ্গে দেখা হওয়ার পর আমার জীবন একেবারে বদলে গেছে। যখন আমরা বিয়ে করি এবং আমাদের জীবনের সবচেয়ে সুন্দর ধাপ শুরু করি, যেখানে আমাদের ভালোবাসা বেড়েছে ও মজবুত হয়ে উঠেছে। মুগ্ধ হয়ে তোমার প্রশংসা করি; তোমার উপস্থিতি ও ভালোবাসা দিয়ে আমার জীবনকে আশীর্বাদপুষ্ট করার জন্য তোমাকে ধন্যবাদ।’
ছবিতে দেখা গেল, একটি গাড়ির উপর বসে আছেন রাজ। জানা গেছে, ছবিটি তোলা হয়েছিল গত ২৩ জুলাই। সেদিন এই পোশাকে মিরপুরের সনি স্কয়ারে গিয়েছিলেন রাজ-পরী দম্পতি। সেখানে রাজ অভিনীত ‘পরাণ’ সিনেমাটির বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছিল। স্বামীর সিনেমা দেখে আবেগে কেঁদেও ছিলেন পরী।
উল্লেখ্য, গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও রাজ। তারপর চলতি বছরের জানুয়ারিতে তারা পারিবারিক আয়োজনে বিয়ে সারেন। বর্তমানে পরী আট মাসের অন্তঃসত্ত্বা। তাই সমস্ত কাজ থেকে বিরত আছেন।
অন্যদিকে ‘পরাণ’ সিনেমায় অভিনয় করে সবার মন জয় করে নিয়েছেন রাজ। এর মধ্যেই গত ২৯ জুলাই মুক্তি পেয়েছে তার আরেকটি সিনেমা ‘হাওয়া’। এটিও তুমুল দর্শকপ্রিয়তা পাচ্ছে।
শোনা যাচ্ছে, ছেলে সন্তান আসতে চলেছে রাজ ও পরীর ঘরে। অনাগত সন্তানের জন্য তাদের কেনাকাটার পসরা দেখেই এমনটা আঁচ করছেন অনেকে। যদিও তারা নিজেরা এখনো বিষয়টি নিয়ে কোনো স্পষ্ট তথ্য দেননি।
ঢাকারিপোর্ট২৪.কম/এমএ/আরএএম