পারিবারিকভাবে বিয়ে করেন গত ২৭ মে চিত্রনায়িকা পূর্ণিমা। ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত স্বামী আশফাকুর রহমান। বিয়ের প্রায় ২ মাস পর গত ২১ জুলাই সন্ধ্যায় পূর্ণিমা নিজেই বিয়ের খবরটি সবাইকে জানান।
পূর্ণিমা বলেন, সবকিছু মিলে ভালো আছি। সংসারও ভালো যাচ্ছে। আপাতত আমি মায়ের বাসায় আছি।
বিয়ে করেছি, কিছুটা তো অন্য রকম লাগবেই। নতুন করে সবকিছু ভাবতে হচ্ছে, গোছাতে হচ্ছে। তবে আমি বলব না যে আমার সবকিছুর সঙ্গে মানিয়ে নিতে হচ্ছে বা মানিয়ে নিচ্ছি। বিয়ের পর মনে হচ্ছিল, সবকিছুই প্রস্তুত ছিল। আর সবাই ব্যাপারটাকে ভালোভাবেই গ্রহণ করেছেন। নতুন বউ হিসেবে হয়তো আমি নতুন। কিন্তু আমাদের দুজনের আন্তরিকতা আর বোঝাপড়ার জায়গা দেখে মনে হয়েছে, বিষয়টি গোছানোই ছিল, সবাই সব জানত।
পূর্ণিমা জানান, আমাদের দুজনের পরিচয় অনেক দিনের। রবিন দীর্ঘদিন ধরে একটি কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে কাজ করে আসছেন। আমি বিনোদন অঙ্গনের মানুষ। সেই সুবাদে তাদের পণ্যের ব্র্যান্ডিংয়ের জন্য দেশের নানা প্রান্তে আমরা অনেকেই একসঙ্গে যাওয়া–আসা করেছি। এভাবেই তাঁর সঙ্গে পরিচয়। কাজের সুবাদেই নিজেদের বোঝাপড়ার জায়গাটা তৈরি হয় একসময়। এরপর এক বছর আগে সিদ্ধান্ত নিই, আমরা একসঙ্গে থাকতে পারি। তবে আমাদের বিয়েটা আরও পরে করার কথা ছিল।
আগামী ডিসেম্বর মাসে। কারণ, মনে হয়েছিল আরেকটু নিজেরা নিজেদের দেখি, বুঝি ও জানি। এ জন্য একটু প্রস্তুতি নিয়ে বিয়ে করার কথা ছিল, কিন্তু পারিবারিক চাপে তা হলো না।
ঢাকারিপোর্ট২৪.কম/এমএ/আরএএম