জীবনেও আর বিকৃত করে নজরুল ও রবীন্দ্র সংগীত গাইবেন না, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাছে মুচলেকা দিয়ে জানিয়েছেন হিরো আলম।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে, ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বুধবার (২৭ জুলাই) দুপুরে এই তথ্য জানান।
তিনি বলেন, ‘হিরো আলমের বিরুদ্ধে ডিবির সাইবার আ্যন্ড স্পেশাল ক্রাইম বিভাগে অনেকগুলো অভিযোগ জমা হয়েছিল। সেগুলোর বিষয়ে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করেছি। তাকে ডাকা হয়েছিল। সে মুচলেকা দিয়েছে, জীবনেও আর নজরুল ও রবিন্দ্র সংগীত বিকৃত করে গাইবেন না, এধরনের ভিডিও বানাবে না।’
হারুন অর রশীদ বলেন, ‘আমাদের বাঙ্গালি সংস্কৃতির অহংকার নজরুল ও রবীন্দ্রসংগীত। আমরা গান শুনি, নজরুল, রবীন্দ্র শুনি, এইসব গানের সব কিছু পরিবর্তন করেছে। এসব কেন করে জানতে চাইলে সে জানিয়েছে, জীবনেও আর এমন গান করবে না, হিরো আলম মুচলেকা দিয়েছে।’
তিনি আরও বলেন, ‘পরবর্তীতে তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সে বিভিন্ন সময় পুলিশের বিভিন্ন ডিআইজি-এসপির পোশাক পরে কনস্টেবলের অভিনয় করছে। আবার কনস্টেবলের ড্রেস পরে বিভিন্ন পদ মর্যাদার চরিত্রে অভিনয় করেছে। এসব পোশাক পরতে পূর্ব-অনুমতি নেয়য়া প্রয়োজন, কিন্তু সে নেয় না। এমনকি সে শিল্পী সমিতির সদস্যও না।
এসব ব্যাপারে তার কাছে জানতে চাইলে পোশাকের বিষয়েও মুচলেকা দিয়েছে হিরো আলম। সে মুচলেকায় বলেছে, এ ধরনের কোনো কাজ বা ভিডিও আর করবে না।’
হিরো আলমকে এর আগে বুধবার সকালে ডিবিতে ডাকা হয়।
ঢাকারিপোর্ট২৪.কম/রাফিও/আরএএম