মুক্তির দুই দশক পেরিয়ে এখনও যে সিনেমার বিভিন্ন দৃশ্য, সংলাপ নিয়ে চর্চা হয় তা হলো ‘হেরা ফেরি’। বলিউডের সেরা কমেডি সিনেমার তালিকায়ও সবার আগে উচ্চারিত হয় ‘হেরা ফেরি’র নাম। এই ফ্র্যাঞ্চাইজির মুক্তি পাওয়া দুটি সিনেমাই হয়েছে দারুণ সফল। দর্শকের হৃদয় জয় করে সিনেমাগুলো হয়েছে কালজয়ী।
‘হেরা ফেরি ৩’ আসার দীর্ঘ অপেক্ষা ছিল সিনেপ্রেমীরা। অবশেষে প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা নিশ্চিত করলেন, অক্ষয় কুমার, পরেশ রাওয়াল ও সুনীল শেঠিদের নিয়েই আসছে।
ভারতীয় গণমাধ্যমকে সাজিদ বলেছেন, ‘পুরনো গল্পের স্বাদ রেখেই নতুন গল্প তৈরি হবে। সেই কমেডি তো থাকছেই। তবে সময়টা যেহেতু বদলেছে, তাই সিনেমাটিকে এখনকার দর্শকদের মতো করে তৈরি করা হবে। আর প্রথম দুই ছবির তারকারাই থাকছেন তাতে। অক্ষয় কুমার, পরেশ রাওয়াল এবং সুনীল শেঠিকে নিয়েই তৈরি হচ্ছে এই সিনেমা।’
প্রযোজক আরও জানান, ‘হেরা ফেরি ৩’ পরিচালনা করবেন ইন্দ্র কুমার। চলতি বছরের শেষ দিকেই শুরু হবে এর শুটিং। এরপর আগামী বছরের মাঝামাঝি সময়ে মুক্তি পেতে পারে।
২০০০ সালে ‘হেরা ফেরি’ সিরিজের প্রথম সিনেমা মুক্তি পেয়েছিল বাবু রাও, রাজু ও শ্যাম তিন ব্যক্তিকে ঘিরে। এর ছয় বছর পর ২০০৬ সালে মুক্তি পায় ‘ফির হেরা ফেরি’। দুটি সিনেমাই এখনও দর্শকের মন জুড়ে রয়েছে। এখন ওই দুটি সিনেমার কাহিনী তাদের ভক্তদের মুখে হাসি ফুটায়।
ঢাকারিপোর্ট২৪.কম/এমএম/আরএএম