জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার ‘বচ্চন পাণ্ডে’ ও ‘সম্রাট পৃথ্বিরাজ’র পর চলতি বছরেই তার তৃতীয় ছবি নিয়ে হাজির হচ্ছেন। বলিউড খিলাড়ির নতুন ছবি ‘রক্ষা বন্ধন’ মুক্তি পাবে আগামী ১১ আগস্ট। একই দিনে মুক্তি পাবে ‘থ্রী ইডিয়টস’ খ্যাত আমির খান ও কারিনা কাপুর খানের ‘লাল সিং চাড্ডা’।
আজ বৃহস্পতিবার অক্ষয় তার নতুন ছবি মুক্তির তারিখ ঘোষণা করেন। এ বছর মুক্তি পাওয়া অক্ষয়ের ‘বচ্চন পাণ্ডে’ ও ‘সম্রাট পৃথ্বিরাজ’ বক্স অফিসে প্রত্যাশা অনুযায়ী ব্যবসা করতে পারেনি।
জানা গেছে, গত বছর ‘রক্ষা বন্ধন’ ছবিটির কাজ শেষ হয়ে গিয়েছিল। ছবিটি পরিচালনা করেছেন আনন্দ এল রাই। গত বছর একই পরিচালকের ‘আতরাঙ্গি রে’ ছবিতে বিশেষ চরিত্রে দেখা গিয়েছিল অক্ষয়কে।
‘রক্ষা বন্ধন’ ছবিতে অক্ষয়ের নায়িকা হিসেবে আছেন ভূমি পেডনেকার। এর আগে বেশ প্রশংসিত ও আলোচিত ‘টয়লেট: এক প্রেম কথা’ ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছিলেন অক্ষয় ও ভূমি।
ঢাকারিপোর্ট২৪.কম/এএইচ/আরএএম