বর্তমান সময়ে মিডিয়া পাড়ায আলোচিত ঘটনা ওমর সানী, মৌসুমী ও জায়েদ খানের মধ্যে চলমান দ্বন্দ্ব। যা নিয়ে এরই মধ্যে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি বরাবর লিখিত অভিযোগ করেছেন ওমর সানী। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি নন সমিতির সভাপতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।
আজ মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ‘তালাশ’ সিনেমার সংবাদ সম্মেলনে অতিথি হয়ে এ কথা বলেন তিনি।
অনুষ্ঠান শেষে মৌসুমীকে নিয়ে ওমর সানী ও জায়েদ খানের চলমান দ্বন্দ্ব নিয়ে প্রশ্ন করা হলে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘এই বিষয় আমি কিছু বলতে চাইছি না। শুধু একটা কথাই বলব, সমস্ত চলচ্চিত্র কর্মী ও শিল্পীদের কাছে আমার অনুরোধ, চলা-ফেরা, কথাবার্তা ও আচার-আচরণে আপনারা সংযত হবেন।’
এর আগে গত রোববার ওমর সানী বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে জায়েদ খানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। তার দাবি, গত চার মাস ধরে জায়েদ খান তার স্ত্রী চিত্রনায়িকা মৌসুমীকে বিরক্ত করছেন। এই নিয়ে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।এ প্রসঙ্গে ইলিয়াস কাঞ্চন বলেন, অভিযোগ জমা পড়েছে। শিল্পী সমিতির পরবর্তী সভায় এই নিয়ে আমরা আলোচনা করব। এরপর কোনো সিদ্ধান্ত এলে সেটা জানানো হবে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম