আগামীকাল (২৩ মার্চ) বসছে চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক আসর জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠান-২০২০। আর এতে এবারও থাকছে জাঁকালো সাংস্কৃতিক আয়োজন। যেখানে অংশ নেবেন চলচ্চিত্রের জনপ্রিয় সব তারকা। এতে প্রথমবারের মতো থাকছে জ্যেষ্ঠ শিল্পীদের আধিক্যও।
অংশ নেবেন, রোজিনা, অঞ্জনা, অরুণা বিশ্বাস। তাদের সঙ্গে একসময়ের জনপ্রিয় চিত্রনায়কদের দেখা যাবে। আর এ প্রজন্মের শিল্পীদের মধ্যে আছেন, ইমন-দীঘি, সাইমন-তমা, পূজা চেরীসহ বেশ কয়েকজন। জাতীয় এ আসরে প্রথমবারের মতো পারফর্ম করবেন ইমন-দীঘি ও পূজা।
ইমন বলেন, ‘‘আমি ও দীঘি ‘রঙিলা রঙিলা’ ও ‘সুজন সখী’ গানে নাচবো। প্রথমবারের মতো এমনভাবে আমরা জুটি হয়ে আসছি। আজকেও আমরা বিটিভিতে এর রিহার্সেল করবো।’’
জানা যায়, আগামীকাল (২২ মার্চ) চূড়ান্ত অনুশীলন হবে অনুষ্ঠানস্থল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। মূল আয়োজনে উপস্থাপনার দায়িত্বে থাকবেন চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পূর্ণিমা।
ফেরদৌস বলেন, ‘উপস্থাপনার কাজটি যথেষ্ট উপভোগ করি আমি। তাই ভালো কোনও অনুষ্ঠানের উপস্থাপনার প্রস্তাব এলে লুফে নিই। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান যথেষ্ট মর্যাদাপূর্ণ। এ ধরনের আয়োজনে কাজ করে মানসিক শান্তিও পাওয়া যায়।’
এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পাচ্ছেন খ্যাতিমান দুই বর্ষীয়ান তারকা আনোয়ারা বেগম ও রাইসুল ইসলাম আসাদ। গুণী নির্মাতা ও অভিনেতা গাজী রাকায়েত পরিচালিত ‘গোর’ সর্বোচ্চ ১১টি পুরস্কার জিতে নিয়েছে। ৮টি পুরস্কার নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে চয়নিকা চৌধুরীর ‘বিশ্বসুন্দরী’।
ঢাকারিপোর্ট২৪.কম/এমএইচ/আরএএম