সিনেমা হলে ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিটি চলাকালীন ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে। ভারতের তেলেঙ্গানার আদিলাবাদ এলাকার নটরাজ থিয়েটার নামের সিনেমা হলে এই ঘটনা ঘটেছে। এর জেরে দুজনকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।
সিধু নামের একজনের টুইটার প্রোফাইলে দেওয়া ভিডিওতে এমন দৃশ্য দেখা গেছে। ভিডিও’র ক্যাপশনে বলা হয়েছে, তেলেঙ্গানার আদিলাবাদ এলাকার নটরাজ থিয়েটার নামের সিনেমা হলে এই ঘটনা ঘটেছে।
অভিযোগ উঠেছে, হলে ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমা চলাকালীন দুজন ব্যক্তি ‘পাকিস্তান জিন্দাবাদ স্লোগান’ দিচ্ছিলেন। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন দর্শকদের একাংশ। যারা এই স্লোগান দিচ্ছিলেন, তাদের বেধড়ক মারধর করা হয়।
সংবাদ প্রতিদিন জানায়, গত ১১ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘দ্য কাশ্মীর ফাইলস’। নব্বইয়ের দশকের কাশ্মীর চিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন পরিচালক। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, অনুপম খের, পল্লবী যোশী, দর্শন কুমারের মতো তারকারা।
মুক্তির আগে থেকেই ‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে উত্তপ্ত রাজনৈতিক মহল। ছবি মুক্তি পাওয়ার পর যার আঁচ আরও বেড়েছে। ছবির প্রশংসা শোনা গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গলায়। তবে বিরোধীরাও তোপ দাগতে ছাড়েনি। তাদের অভিযোগ, অর্ধসত্য দেখানো হয়েছে ছবিতে। অনেকে আবার একে মোদী সরকারের প্রচারমূলক ছবি বলেও কটাক্ষ করেছেন।
এই ছবি মুক্তি পাওয়ার পর থেকেই পরিচালক বিবেক অগ্নিহোত্রীর শত্রু সংখ্যা বেড়েছে বলে অনেকে মনে করছেন। এমনটিও শোনা গেছে। আর সে কারণেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিবেক অগ্নিহোত্রীকে দেওয়া হয়েছে ‘ওয়াই’ ক্যাটাগরির নিরাপত্তা।