ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় বিমান বাহিনীর সার্জেন্ট আবুল বাসার (৩৬) নিহত হয়েছেন। সোমবার (২৩ মে) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলা সদরের ধূলদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আবুল বাসার সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাতরা গ্রামের আব্দুল আজিজ সর্দারের ছেলে। তার ঘরে তিন কন্যাসন্তান রয়েছে। তিনি বিমান বাহিনীর প্রধান কার্যালয়ে কর্মরত ছিলেন। সম্প্রতি তাকে যশোর বিমানবন্দরে বদলি করা হয়েছে। ছোট আকারের কাভার্ড ভ্যানে করে বাড়ির মালামাল নিয়ে যাওয়ার সময় তিনি দুর্ঘটনার শিকার হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে করিমপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা কংকন কুমার বিশ্বাস বলেন, কাভার্ড ভ্যানটি পেছনের দিক থেকে সামনে থাকা ট্রাককে আঘাত করে। এতে কাভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় সার্জেন্ট আবুল বাসার ঘটনাস্থলেই নিহত হন।
তিনি আরও বলেন, আমরা ওই সার্জেন্টকে মৃত অবস্থায় গাড়ির বাম পাশের আসনে বসা অবস্থায় পায় । মরদেহটি উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহযোগী পালিয়ে গেছে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক /আরএএম