মোংলা বন্দর কতৃক ছিলা ইউনিয়নে নতুন করে ফসলি জমিতে পশুর নদীর ড্রেজিংয়ের বালু না ফেলার দাবিতে এলাকাবাসী মানববন্ধন করে।
সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে মোংলা উপজেলার চিলা ইউনিয়নের কৃষি জমি রক্ষা সংগ্রাম কমিটির আয়োজনে সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বর ছাড়াও শত শত গ্রামবাসীরা অংশ নেন এই মানববন্ধনে।
চিলা ইউনিয়নের চেয়ারম্যন গাজী আকবর হোসেন মানববন্ধন চলাকালে বক্তব্যে বলেন, মোংলা বন্দর উন্নয়নের স্বর্থে পশুর নদী ড্রেজিংয়ের বালু রাখার জন্য তার এলাকার মানুষ ১১’শ বিঘা জমি দিয়েছে। সেই জমিতে ১০ ফুট উচ্চতায় বালু রাখার কথা থাকলেও ৩০ ফুট উচ্চতায় বালু ফেলা রাখলেও তারা কোন প্রতিবাদ করেননি। কিন্তু নতুন করে আবার ড্রেজিংয়ের বালু রাখতে চিলা ইউনিয়নের কৃষি নির্ভরশীল মানুষের শেষ সম্বল জমি কেড়ে নেওয়ার পায়তারা শুরু হয়েছে। তারা এ জমি কিছুতেই ছাড়বেনা।
সম্প্রতি প্রধানমন্ত্রী বলেছেন-ফসলি জমিতে প্রকল্প নয়, উল্লেখ করে চেয়ারম্যান আকবর গাজী বলেন, এই ইউনিয়নে ৫০ হাজার লোকের বসবাস। তাদের আয়ের একমাত্র উৎস হচ্ছে জমিতে মাছ, ধান ও কাঁকড়া চাষ। এই জমিটুকু নিয়ে নিলে তার এলাকার লোকজন না খেয়ে মরে যাবে। তাই বিকল্প জমি খুঁজে এখান থেকে সংশ্লিষ্টদের সরে আসার আহবান জানান তিনি।
মানববন্ধনে স্থানীয় ইউপি সদস্য কানু মৌলিক, শান্ত ডাকুয়া, ওবায়দুল হাওলাদার, রুহুল শেখ, ইসারাত ফকির, সাবেক মেম্বর ওলিয়ার রহমান এবং চিলা ইউনিয়ন আ’লীগের সভাপতি মিহির কুমার ভান্ডারি ও সাধারণ সম্পাদক নজরুল হাওলাদার বক্তব্য রাখেন।
ঢাকারিপোর্ট২৪.কম/হাদি/আরএএম