দর্শনা-চুয়াডাঙ্গা সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আতিকা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দর্শনা রেলগেট অতিক্রম করার পর এ দুর্ঘটনা ঘটে।
নিহত আতিকা দর্শনা মোবারক পাড়ার আতাহার জামিলের মেয়ে। মায়ের মৃত্যুর পর থেকে সে তার খালু মোবারক হোসেনের কাছে বসবাস করছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা থেকে আতিকার খালাতো বোন বাড়ি ফিরছিলেন। তাকে দেখতে পেয়ে আতিকা দৌড়ে কাছে যাওয়ার চেষ্টা করলে দ্রুতগতির একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সে গুরুতর আহত হয়ে পড়ে এবং পরে তার মৃত্যু নিশ্চিত করা হয়।
জানা গেছে, মাত্র তিন মাস আগে ক্যান্সারে আতিকার মায়ের মৃত্যু হয়। এরপর থেকেই সে খালুর বাসায় ছিল।
দুর্ঘটনায় জড়িত ট্রাকটির নম্বর যশোর-ঢ ০১-০০০২। ঘটনার পর ট্রাকটি আটক করা হয়েছে এবং বর্তমানে তা দামুড়হুদা থানা হেফাজতে রয়েছে।
এ বিষয়ে দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন জানান, নিহত শিশুটিকে দামুড়হুদা চিতলা হাসপাতালে নেওয়া হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে স্বজনদের লিখিত আবেদনের ভিত্তিতে মরদেহ হস্তান্তর করা হবে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম