জীবননগর উপজেলার সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২ টার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে জীবননগর উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেলকে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের জীবননগর উপজেলা শাখার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন ইউএনও মো. আশরাফুল আলম রাসেল। জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা জুয়েল শেখ, মাধ্যমিক শিক্ষা অফিসার ইসমাইল হোসেন, সমাজসেবা কর্মকর্তা জাকির উদ্দিন মোড়ল, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পাভেল রানা, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বকুল হোসেন প্রমূখ।
সভায় বক্তারা বলেন, অসাধু উপায়ে কোন ব্যবসায়ী যেন সারের কৃত্রিম সংকট তৈরি করতে না পারে সেদিকে সবার নজর দিতে হবে। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে সার বিক্রি করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ন্যায্য মূল্যে সার পেতে কৃষকেরা যেন কোনো ভোগান্তিতে না পড়েন। চলতি মৌসুমে এ উপজেলায় সারের সরবরাহ ও দাম স্থিতিশীল রাখতে হবে। এছাড়াও মতবিনিময় সভায় প্রকৃত কৃষকের নিকট কৃষি উপকরণ সঠিকভাবে বিতরণের গুরুত্বারোপ করা হয় ও নিয়মিত বাজার তদারকি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্যবৃন্দ, বিসিআইসি ও বিএডিসি ডিলারেরা উপস্থিত ছিলেন।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম