গত দুদিন ধরে চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তীব্র গরম ও রোদের তাপের কারণে অতিষ্ঠ হয়ে পড়েছেন শ্রমিক, দিনমজুর, ভ্যান ও রিকশাচালকরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তা-ঘাটে লোকজনের চলাচল সীমিত হয়ে পড়ছে।
শুক্রবার (৯ মে) বিকেল ৩ টার সময় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ২৪ শতাংশ। এর আগে বৃহস্পতিবার চুয়াডাঙ্গায় ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। ওই দিন দেশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ছিলো চুয়াডাঙ্গায়।
চুয়াডাঙ্গা পৌর শহরের রিকশাচালক হামিদুর রহমান জানান, গত দুই দিন যাবৎ গরমে অতিষ্ঠ হয়ে পড়েছি। তীব্র রোদে রিকশা চালাতে গিয়ে হাঁফিয়ে উঠছি। কিছুক্ষণ পরপর বিশ্রাম নিতে হচ্ছে।
শহরের মুদি ব্যবসায়ী আলী হোসেন বলেন, ফ্যানের বাতাস যেন গায়ে লাগছে না। সব থেকে বাচ্চারা কষ্ট পাছে। রাতে ভ্যাপসা গরমে তারা ছটফট করছে।
চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রকিবুল হাসান বলেন, চুয়াডাঙ্গার উপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম