চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মদনা গ্রামে ঘরের ছাদে ভুট্টা শুকানোর সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দিনমজুর বশির আলী (৫০) মারা গেছেন। মৃত বশির আলী মদনা গ্রামের আফসার আলীর ছেলে।
শুক্রবার (২২ মার্চ) সকাল ১০ টার দিকে এ ঘটনাটি ঘটে।
ওই ওয়ার্ডের ইউপি সদস্য শামসুল হক জানান, মদনা গ্রামের উত্তর পাড়ার ইলার উদ্দীনের বাড়ির ছাদে ভুট্টা শুকানোর কাজ করছিল বশির আলী। ছাদের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারে অসাবধানতা বশতঃ তার শরীরে স্পর্শ হলে সে বিদ্যুতায়িত হয়ে নিচে পড়ে যায়। বাড়ীর লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাদিয়া তাকে মৃত ঘোষনা করেন।
দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, ঘটনা জানার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হবে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর /আরএএম