চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে কৃষি বিপণন অধিদপ্তরের বেঁধে দেওয়া দাম থেকে বেশি দামে গরুর মাংস ও মুরগি বিক্রি করায় চার ব্যবসায়ীকে আর্থিকভাবে জরিমানা করেছে।
বুধবার (২০ মার্চ ) বেলা ১২ টার দিকে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা দাস পৌর শহরে নিত্যপ্রয়োজনীয় বাজার তদারকির সময় এ জরিমানা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক স্নিগ্ধা দাস বলেন, বুধবার দুপুরে পৌর শহরে নিত্যপ্রয়োজনীয় বাজার দর মনিটরিং করা হচ্ছিল। এ সময় মাংস ও মুরগি বাজারে কৃষি বিপণন অধিদপ্তরের বেঁধে দেওয়া দাম থেকে বেশি দামে বিক্রি হচ্ছে বলে অভিযোগ পাওয়া যায়। এমন অভিযোগের ভিত্তিতে ওখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
তিনি বলেন, সরকারিভাবে ব্রয়লার মুরগির উৎপাদন খরচ ১৪৫ টাকা ৭৮ পয়সা। তা উৎপাদক পর্যায়ে ১৫১ টাকা ৮১ পয়সা, পাইকারি পর্যায়ে ১৬২ টাকা ৬৯ পয়সা এবং খুচরা পর্যায়ে ১৭৫ টাকা ৩০ পয়সা দরে বিক্রি করতে হবে। একইভাবে গরুর মাংসের উৎপাদন খরচ ৫৮৭ টাকা ৫০ পয়সা। উৎপাদক পর্যায়ে গরুর মাংসের কেজি ৬০৫ টাকা ১৩ পয়সা, পাইকারি পর্যায়ে ৬৩১ টাকা ৬৯ পয়সা এবং খুচরা পর্যায়ে ৬৬৪ টাকা ৩৯ পয়সা বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে। অধিক মূল্যে মাংস বিক্রির অপরাধে ভোক্তা সংরক্ষণ আইনে মাংস ব্যবসায়ী মজিবর রহমানকে তিন হাজার টাকা, লিজু আলীকে দুই হাজার টাকা, মুরগি ব্যবসায়ী ইমন হোসেনকে দেড় হাজার টাকা ও সোলেমান আলীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম