বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় কোটি টাকার স্বর্ণসহ নারী আটক


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2024-03-03 17:56:00
চুয়াডাঙ্গায় কোটি টাকার স্বর্ণসহ নারী আটক

ভারতে পাচারকালে চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন ছয়ঘড়িয়া থেকে ১১টি স্বর্ণেরবারসহ তাছলিমা খাতুন (২৫) নামে এক নারী চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বিজিবি। 

রোববার (৩ মার্চ) দুপুরে বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। আটক তাছলিমা খাতুন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন কামাড়পাড়া এলাকার রেজাউল করিমের মেয়ে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দর্শনা থানার অন্তর্গত ছয়ঘড়িয়া গ্রামের মধ্যে দিয়ে স্বর্ণ চোরাচালান হবে এমন সংবাদের ভিত্তিতে রোববার সকালে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনস্ত সুলতানপুর বিওপি কমান্ডারের নেতৃত্বে ছয়ঘড়িয়া গ্রামে অভিযান চালানো হয়। সকাল ১১ টার দিকে ব্যাটারিচালিত একটি ইজিবাইকযোগে কয়েকজন যাত্রী ছয়ঘড়িয়া গ্রামের মধ্য দিয়ে সীমান্ত অভিমুখে যাওয়ার পথে বিজিবি সদস্যরা ইজিবাইকটি তল্লাশী করেন। তল্লাশী কার্যক্রম চলাকালে ইজিবাইকে অবস্থানরত তাছলিমা খাতুন নামের এক নারী সন্দেহজনক আচরণ করেন। 

পরে এই নারীকে আটক করে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার শরীরের কোমরের ভেতরে লুকানো অবস্থায় এক কেজি ৩২০ গ্রাম ওজনের ১১টি স্বর্ণের বার বিজিবি সদস্যরা উদ্ধার করে।

চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান বলেন, জব্দকৃত স্বর্ণের বারগুলোর আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৩০ লক্ষ টাকা। আটক নারী চোরাকারবারিকে দর্শনা থানায় হস্তান্তরসহ বিজিবির পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। এছাড়া জব্দকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর /আরএএম