চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার পৌর এলাকার এরশাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফ্রি মেডিক্যাল ক্যাম্পে চোখের ভুয়া ডাক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
জানা যায়,বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারী) আলমডাঙ্গার এরশাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কুষ্টিয়া বি এম আই কেয়ার নামের প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফ্রি মেডিক্যাল ক্যাম্প চলছিল। কোনরকম প্রশাসনকে অবগত না করেই পূর্ব পরিকল্পিতভাবে এই ক্যাম্প পরিচালিত হচ্ছিল। খবর পেয়ে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডঃ হাদী জিয়াউদ্দীন আহমেদ তাৎক্ষণিকভাবে সেখানে উপস্থিত হয়ে দেখে একজন মেডিক্যাল টেকনিশিয়ান ডাক্তার হিসেবে রোগীদের চোখের চিকিৎসা প্রদান করছেন। এমনকি ডাক্টার না হয়েও ডাঃ পদবী ব্যবহার করা ও চিকিৎসা প্রদানের কারণে মো: মনজুরুল ইসলাম (২৫)কে মোবাইল কোর্টের আওতায় বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল অ্যাক্ট ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে ।
উল্লেখ্য মনজুরুল ইসলাম, মাগুরা সদর উপজেলার আলাইপুর গ্রামের মো: মোশারফ হোসেনের ছেলে।
মোবাইল কোর্ট শেষে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস বলেন, তথ্য প্রযুক্তির এই যুগে কেও প্রতারিত হবেন না। এই ফ্রি চিকিৎসা পাওয়ার চক্করে চোখের মতো মূল্যবান সম্পদ চিরতরে নষ্ট হয়ে যেতে পারে। এমবিবিএস ও বিডিএস ডিগ্রী ব্যতীত কারো কাছে চিকিৎসা গ্রহণ করবেন না।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর /আরএএম