চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় শামসুল ইসলাম (৪৮) নামে এক বাইসাইকেল চালকের মৃত্যু হয়েছে।নিহত শামসুল ইসলাম চুয়াডাঙ্গা সদর উপজেলার পীরপুর গ্রামের মৃত মিসকার মল্লিকের ছেলে।
শনিবার (১০ ফেব্রুয়ারী) সকাল ১০ টার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের আলুকদিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।
আলুকদিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল জব্বার বলেন, শনিবার সকালে বাইসাইকেলযোগে পান বিক্রির জন্য চুয়াডাঙ্গা বড়বাজার পানের হাটে যাচ্ছিলেন শামসুল। সে পীরপুর গ্রামের সড়ক থেকে চুয়াডাঙ্গা মহাসড়কে উঠলে চুয়াডাঙ্গাগামী ডিলাক্স পরিবহন তাকে ধাক্কা দেয়। এ সময় তিনি সড়কের ওপর পড়ে গিয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ও ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, পরীক্ষা-নিরীক্ষা পর তাকে মৃত ঘোষনা করা হয়েছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেকেন্দার আলী জানান, নিহত শামসুল ইসলামের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর /আরএএম