চুয়াডাঙ্গায় আবারও বয়ে যাচ্ছে মৃদু শৈত্য প্রবাহ। সেই সাথে উত্তরের হিমেল হাওয়ায় শীতে মানুষ জবুথবু হয়ে পড়েছে। দুই দিনের ব্যবধানে তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেয়েছে। খড়-খুটো জ্বেলে মানুষ শীত নিবারনের চেষ্টা করছেন। এর পরেও বসে নেই দিনমজুররা। তারা শীত উপেক্ষা করে কাজের সন্ধানে বের হচ্ছেন। হাসপাতালে বেড়েছে শীত জনিত রোগীর সংখ্যা।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে শিশু ওয়ার্ডে ধারন ক্ষমতার ৪ গুন রোগী ভর্তি থাকছে। গত এক সপ্তাহ ধরে ১৪ আসনের বিপরীতে ৬০-৭০ জন শিশু ভর্তি থাকছে। ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা নেমে এলেও জেলার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা রয়েছে। তবে বন্ধ রয়েছে প্রাথমিক বিদ্যালয়।
বেলা ১১ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সুর্য্যের দেখা মেলেনি। আজ সোমবার চুয়াডাঙ্গায় সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ৯০ ভাগ।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম