চুয়াডাঙ্গার দামুড়হুদায় চোরাচালানের সময় অভিযান চালিয়ে ৭ কেজি ওজনের রূপা'র গহনা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধারকৃত রূপার গহনার আনুমানিক মূল্য ৮ লাখ ৪০ হাজার টাকা।
আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকায় ওই অভিযান চালানো হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, সকালে চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় এক মোটরসাইকেল চালককে দর্শনা সীমান্ত এলাকা থেকে চুয়াডাঙ্গার দিকে আসতে দেখে তাকে থামতে সংকেত দেওয়া হয়। তখন মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যায় ওই ব্যক্তি। পরে মোটরসাইকেলটি তল্লাশি করে ট্যাংকের ভেতর থেকে উদ্ধার করা হয় ৭ কেজি ওজনের রূপার গহনা।
তিনি আরও জানান, ওই ঘটনায় দামুড়হুদা মডেল থানায় একটি মামলা দায়ের করা হবে। উদ্ধারকৃত রূপার গহনা চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে।
কারিপোর্ট২৪.কম/এমআর /আরএএম