চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলীতে রেললাইনে আকস্মিক ফাটল দেখা দিয়েছে। ঘটনাস্থল দিয়ে ধীরগতিতে চলাচল করছে ট্রেন।
মঙ্গলবার (১৬ই জানুয়ারি) বেলা ১২টার দিকে স্থানীয় এক ব্যক্তি রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ রেললাইনে ফাটল দেখতে পান।
চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন মাস্টার মিজানুর রহমান জানান, ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস উথলী রেলস্টেশন অতিক্রম করার পর উথলী-দর্শনা রেলপথের তেঁতুলতলা-ঘোড়ামারা রেলগেটের মাঝামাঝি স্থানে রেললাইনে ফাটল দেখতে পেয়ে স্থানীয় এক ব্যক্তি বিষয়টি রেলপথের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের জানান। পরে আনসার সদস্যরা রেললাইনের উপর লাল পতাকা টাঙ্গিয়ে দর্শনা অভিমুখী একটি মালগাড়ি, খুলনা অভিমুখী ১৬ ডাউন মহানন্দ মেইল এবং পার্বতীপুর অভিমুখী ২৩ আপ রকেট মেইলকে ধীরগতিতে ঘটনাস্থল অতিক্রম করান।
এ বিষয়ে উথলী রেলস্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার আবু সাঈদ জানান, খবর পেয়ে রেললাইন মেরামতের কাজ শুরু করা হয়েছে। অতিরিক্ত ঠান্ডার কারণে এ ঘটনা ঘটতে পারে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. জাবীদ হাসান বলেন, এমন কোনো ঘটনা আমার জানা নেই। খোঁজ নিয়ে বিস্তারিত জানাব।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর /আরএএম