চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অভিযান চালিয়ে দুটি ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা কার্যালয়। বুধবার সকালে আলমডাঙ্গা উপজেলার জামজামি এলাকায় অভিযান পরিচালনা করা হয়।অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।
তিনি বলেন, মেসার্স মালিতা ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ও বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো. রফিকুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ও ৫১ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই অপরাধে মেসার্স আল্লারদান ফার্মেসির মালিক মো. হেলাল উদ্দিনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ও ৫১ ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় জব্দকৃত মেয়াদ উত্তীর্ণ ঔষধ জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
সজল আহমেদ আরও বলেন, বাজারে হোটেলসহ পাইকারি আড়ত ও খুচরা বাজার তদারকি করে ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ, মূল্যতালিকা প্রদর্শন বিষয়ে নির্দেশনা দেয়া হয়। একই সাথে ব্যবসায়ী ও জনসাধারণকে এবিষয়ে সতর্ক ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
অভিযান পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর জনাব মো. নিজাম উদ্দিন ও আলমডাংগা থানা পুলিশের একটি দল।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর/আরএএম