দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা ৭৯ ও ৮০ সংসদীয় আসনে উৎসব মূখর পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে। রোববার (৭ জানুয়ারি) সকাল ৮ টা থেকে ভোটারদেরকে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেছে। সকাল ৮টা থেকে ৩৫৪টি ভোটকেন্দ্রে শুরু হওয়া ভোট গ্রহণ বিকেল ৪টার সময় শেষ হয়।
সকালে দর্শনা সরকারি কলেজ ভোট কেন্দ্রে ৮০ নং চুয়াডাঙ্গা-২ সংসদীয় আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাজী আলী আজগার টগর এমপি ভোট প্রদান করেন। অন্যান্য প্রার্থীরা নিজেদের স্ব-স্ব এলাকায় ভোট প্রদান করেছে। দলীয় সরকারের অধীনে এই নির্বাচন ঘিরে সবধরনের উদ্বেগ উৎকন্ঠাকে ছাপিয়ে সকাল থেকে ভোট কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। ভোটারদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। কুয়াশা ভেদ করে পুরুষের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
জেলার দু’টি আসনে মোট ভোটার সংখ্যা ৯ লাখ ৫০ হাজার ৭৮ জন।চুয়াডাঙ্গা-২ সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৬ হাজার ৯৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৪ হাজার ৪৪২ জন এবং মহিলা ভোটার ২ লাখ ৩১ হাজার ৬৯২ জন। মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১৭৩টি।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ-সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটারবান্ধব পরিবেশ গড়ে তুলতে মাঠে কাজ করেছে সেনা ও বিজিবির স্ট্রাইকিং ফোর্সসহ চার স্তর বিশিষ্ট নিরাপত্তা। ভোটাররা শান্তিপূর্নভাবে ভোট প্রদান করছেন। ভোট গ্রহণ শুরুর পর থেকে শেষ পর্যন্ত জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
চুয়াডাঙ্গা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা বলেন, উৎসবমুখর পরিবেশে ভোটারদের অংশগ্রহণের মধ্য দিয়ে ভোট গ্রহণ শুরু হয়েছে। জেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর/আরএএম