জীবননগর থানা পুলিশ অভিযান চালিয়ে বিএনপির দু'নেতাকে গ্রেফতার করেছে।
এরা হলেন- জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের ইন্তাজুল হকের ছেলে জীবননগর উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মো. মঈন উদ্দিন ময়েন (৪৫)। এবং
পেয়ারাতলা গ্রামের সিদ্দিক খানের ছেলে মনোহরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আলী হোসেন (৬২)। বিএনপির দু'নেতাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান। গ্রেফতারকৃতদেরকে আজ চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হবে।
পুলিশ জানায়, ভারত থেকে চিকিৎসা নিয়ে দেশে ফেরার সময় শুক্রবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায়
মঈন উদ্দিন ময়েনকে গ্রেপ্তার করে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ। এ ব্যাপারে যশোর জেলার বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্ত বলেন, শুক্রবার সন্ধ্যার পর বেনাপোল ইমিগ্রেশন পুলিশ ময়েনকে গ্রেপ্তার করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে। তাকে রাতে জীবননগর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান বলেন, শুক্রবার দিনগত রাত সোয়া ১ টার সময় যশোর জেলার বেনাপোল পোর্ট থানা থেকে নাশকতা মামলায় এজাহার নামীয় পলাতক আসামি মো. ময়েন উদ্দিন ময়েনকে গ্রেপ্তার করা হয়েছে।
অপরদিকে শুক্রবার দিনগত রাত ১০ টার সময় জীবননগর উপজেলার পেয়ারাতলা গ্রাম থেকে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করার অভিযোগে মনোহরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আলী হোসেনকে (৬২) গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের সময় আলী হোসেনের কাছ থেকে ৩টি অবিস্ফোরিত ককটেল বোমা সদৃশ বস্তু, ৫টি বাঁশের লাঠি, ২টি লোহার রড ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম