চুয়াডাঙ্গার জীবননগরে ধর্ষণ শেষে মরিয়ম খানম (১২) নামে এক শিশুকে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহত শিশু মরিয়ম খানম জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের ইকবাল হোসেনের মেয়ে। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা এবং জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম জাবীদ হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
গ্রামবাসী জানায়, বৃহস্পতিবার বিকেলে মরিয়ম খানমসহ তার চার বান্ধবী ছাগলের জন্য ঘাষ কাটতে যায় বাড়ির পার্শ্ববর্তী হাড়িভাঙ্গা মাঠে। এ সময় অপরিচিত এক যুবক মরিয়ম খানমকে ঘাষ কেটে দেবার লোভ দেখিয়ে ফুসলিয়ে পার্শ্ববর্তী ভুট্টা ক্ষেতের মধ্যে নিয়ে ধর্ষণ করে। পরে ধর্ষণ শেষে ধারালো অস্ত্র দিয়ে ওই শিশুকে গলা কেটে হত্যা করার পর ভুট্টা ক্ষেত্রের মধ্যে তাকে ফেলে রেখে যুবক পালিয়ে যায়। স্থানীয় লোকজন বিকেল ৪ টার দিকে ভুট্টা ক্ষেতের মধ্যে শিশুর গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে জীবননগর থানা পুলিশে খবর দেয়।
নিহত শিশুর পিতা দিনমজুর ইকবাল হোসেন বলেন, মরিয়ম খানম বিকেলে ছাগলের জন্য ঘাষ কাটতে মাঠে যায়। এ সময় অজ্ঞাত যুবক তাকে ধর্ষণ শেষে গলা কেটে হত্যা করেছে। জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম জাবীদ হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ধর্ষণ শেষে শিশুটিকে গলা কেটে হত্যা করা হয়েছে। হত্যাকারীকে সনাক্তসহ তাকে গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম