চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত থেকে পান্না ভাংগি নামের এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের শরীর থেকে নাক ও একটি কান বিচ্ছন্ন রয়েছে এবং তার বুকের বাম পাশে গুলির চিহ্ন রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
সোমবার সকালে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়ানের হরিহরনগর গ্রামের একটি সেগুন বাগান থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।নিহত পান্না ভাংগি (৩০) জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়ানের ভাংগিপাড়ার আতিয়ার রহমান ভাংগির ছেলে এবং তিনি চোরাকারবারীর সাথে জড়িত ছিলেন।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন মৃধা বলেন, সোমবার সকালে স্থানীয়রা হরিহরনগর গ্রামের একটি সেগুন বাগানে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
তিনি আরও জানান, রোববার রাতের কোন এক সময় তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে কি কারণে তার মৃত্যু হয়েছে এটা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। নিহতের নাক ও একটি কান শরীর থেকে বিচ্ছিন্ন রয়েছে। পুলিশ মৃত্যু রহস্য উদ্ঘাটনে কাজ করছে।
ঢাকারিপোর্ট২৪.কম/টিএএস/আরএএম