জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারি পরিচালক সজল আহমেদ জীবননগরে অভিযান চালিয়ে এক প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে।
মঙ্গলবার দুপুরে জীবননগর উপজেলার চ্যাংখালী সড়কের মুক্তিযোদ্ধা মার্কেটে এ অভিযান পরিচালনা করেন তিনি। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারি পরিচালক সজল আহমেদ জানান, মঙ্গলবার দুপুর ১ টার সময় জীবননগর পৌর শহরের বিভিন্ন হোটেল, কনফেকশনারি, শিশুখাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়। এসময় মুক্তিযোদ্ধা মার্কেটে মেসার্স মিজান স্টোরকে পূর্বে সতর্ক করা স্বত্তেও শিশু স্বাস্থের জন্য মারাত্মক হুমকি স্বরুপ অনুমোদনহীন, মেয়াদ মুল্য বিহীন ও ক্ষতিকর রঙ মেশানো নিম্নমানের শিশুখাদ্য, রুচি ও প্রাণের প্যাকেটে নিম্নমানের নকল ভেজাল পণ্য এবং বাচ্চাদের প্রলুব্ধ করা প্লাস্টিকের খেলনাযুক্ত খাবার বিক্রি করছিলো।
এ অপরাধে ওই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. মিজানুর রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ এর ৩৭, ৪১ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে ভবিষ্যতে এধরণের অপকর্ম আর করবেনা বলেও মুচলেকা দেন মিজানুর রহমান। এসময় প্রায় ৮-১০ বস্তা নিম্নমানের নকল ভেজাল শিশুখাদ্য জনসম্মুখে পুড়িয়ে নষ্ট করা হয় এবং এ ব্যাপারে সবাইকে সতর্ক করা হয়। অভিযানে সহযোগিতায় ছিলেন জীবননগর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আনিসুর রহমান এবং জীবননগর থানা পুলিশের উপ-পরিদর্শক সিদ্ধার্থ। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ওই কর্মকর্তা।