চুয়াডাঙ্গার দর্শনা এলাকায় অভিযান চালিয়ে ৪ টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার দুপুর ১২ টার দিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহম্মেদ দামুড়হুদা উপজেলার দর্শনা পুরাতন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে মুদিখানা, ফার্মেসি, ফলের দোকান ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়।
এসময় মেসার্স দোয়েল মেডিকেল নামক প্রতিষ্ঠানে তদারকিকালে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মোঃ হায়দার আলীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ এর ৫১ ধারায় ১০হাজার টাকা, মেসার্স মাস্টার ফার্মেসির মালিক মোঃ আবু সাঈদকে একই অপরাধে ৫১ ধারায় ৫ হাজার টাকা, মেসার্স সিরাজ ফল ভান্ডারে মেয়াদ উত্তীর্ণ বিস্কুট ও কোমল পানীয় বিক্রয় ও ফলের মুল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে মালিক মোঃ সুমন আলীকে ৩৮ ও ৫১ ধারায় ৩হাজার টাকা এবং মেসার্স মমিন ফল ভান্ডারের মালিক মোঃ শামীম মিয়াকে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে ৫১ ধারায় ১হাজার টাকা জরিমানা করা হয় এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য জনসম্মুখে নষ্ট করা হয়।
পরবর্তীতে উপস্থিত জনসাধারণকে এ সকল বিষয়ে সচেতন করা হয়। অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন দর্শনা থানা পুলিশের একটি টিম।
ঢাকারিপোর্ট২৪.কম/হাদি/আরএএম