চুয়াডাঙ্গার দামুড়হুদায় পাওয়াট্রিলারের চাকায় হাওয়া দেয়ার সময় পাংচার হয়ে আব্দুর রহিম (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
বুধবার (২৩ নভেম্বর) দুপুর ১টার দিকে দামুড়হুদা উপজেলার রঘুনাথপুর বাজারের একটি ওয়েলডিং মেশিনারিজ দোকানে এ ঘটনা ঘটে। আব্দুর রহিম একই উপজেলার পুরাতন বাস্তবপুর গ্রামের ফকির উদ্দিনের ছেলে।
দোকানের মালিক সিরাজুল ইসলাম বলেন, গত এক সপ্তাহ আগে আমার দোকানে কাজ শুরু করে আব্দুর রহিম। বুধবার দুপুরে আমি দোকানের ভেতরে কাজ করছিলাম। আব্দুর রহিম বাইরে একটি পাওয়ারট্রিলারের সামনের চাকায় হাওয়া দিচ্ছিলো। এ সময় অতিরিক্ত হাওয়ায় চাকাটি পাংচার হলে আব্দুর রহিম ছিটকে পড়ে পাশে থাকা টিনে মাথায় আঘাত লাগে। এতে আব্দুর রহিম গুরুতর আহত হয়। পরে আমরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিসক ডা. তাসনিম আফরিন জ্যোতি বলেন, তার মাথার ঘিলু বের হয়ে গেছে। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, এমন কোন ঘটনা আমার জানা নেই। খোঁজ নিতে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হচ্ছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম