চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ অভিযান চালিয়ে দু'প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে। অধিক মূল্যে চিনি বিক্রি করার অপরাধে এক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ কসমেটিক্স বিক্রির অপরাধে এক প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে।
সোমবার দুপুরে অভিযান চালিয়ে ওই দু'প্রতিষ্ঠানকে জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ জানান, জীবননগর উপজেলার চ্যাংখালী সড়কের তরফদার নিউ মার্কেটের মেসার্স গাজী স্টোর সরকার নির্ধারিত মূল্য ছাড়া অধিক দামে চিনি বিক্রি করছিলো। এ অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো. আলী আজগরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ও ৫১ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেসার্স সাজ ঘর কসমেটিক্সে অভিযান চালিয়ে আমদানিকারকের স্টিকার বিহীন অবৈধ বিদেশি কসমেটিক্স বিক্রি ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিক্স বিক্রির অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো. আশরাফুল আলমকে ৫১ ও ৩৭ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন, জীবননগর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আনিসুর রহমান ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দল। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ওই কর্মকর্তা।
ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম