চুয়াডাঙ্গার দামুহুদায় দুই মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে আনিজুল হক (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছে আরও চারজন। নিহত যুবক মোটরসাইকেল চালক।
রোববার রাত সাড়ে ৮ টার দিকে দামুড়হুদা উপজেলার চন্ডিপুর গ্রামে এদূর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত আনিজুল হক দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা আবাসন প্রকল্পের ডাব বিক্রেতা আব্দুল আলিমের ছেলে। আহতরা হলেন, দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের কলেজপাড়ার শহিদুল ইসলামের ছেলে রাহুল (১৯), একই গ্রামের পূর্বপাড়ার মিজানুর রহমানের ছেলে হৃদয় হোসেন (১৯), চণ্ডিপুর গ্রামের তরিকুল ইসলামের ছেলে রাতুল (২২) ও একই উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের ধান্যধারা গ্রামের আবু কাশেমের ছেলে রাজু আহমেদ (২১)।
এরমধ্যে দুজনের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে রেফার করা হয়েছে। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আব্দুল কাদের জানান, হাসপাতালে আসার আগেই আনিজুলের মৃত্যু হয়েছে। আহত চারজনের মধ্যে দুজনকে রেফার্ড করা হয়েছে। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম লুৎফুল কবীর বলেন, দুই মোটরসাইকেলের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। আহদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্তারিত জানতে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে।