চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ২ হাজার ৩৭০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে গম, ভুট্টা, সরিষা, শীতকালীন পেঁয়াজ, মসুর বীজসহ রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
এছাড়া সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ৫০ ভাগ ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। আজ বুধবার বেলা ১২টার সময় জীবননগর উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রাসরণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কৃষি প্রণোদনা বিতরণ করা হয়।
জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) তিথি মিত্রের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মধ্যে কৃষি প্রণোদনা বিতরণ করেন, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী মো. আলী আজগার টগর।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. হাফিজুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার জানান, রবি মৌসুমে গম উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় জীবননগর উপজেলার ছয়শ কৃষকের মধ্যে প্রত্যেককে ২০ কেজি করে গম বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি করে এমওপি সার, তিনশ ত্রিশ জন কৃষকের মধ্যে প্রত্যেককে ২ কেজি করে ভুট্টা বীজ, ২০ কেজি করে ডিএপি সার, এবং ১০ কেজি করে এমওপি সার, এক হাজার দুইশ পঞ্চাশ জন কৃষকের মধ্যে প্রত্যেককে ১ কেজি করে সরিষা বীজ, ১০ কেজি করে ডিএপি সার এবং ১০ কেজি করে এমওপি সার, ষাট জন কৃষকের মধ্যে প্রত্যেককে ১ কেজি করে শীতকালীন পেঁয়াজ বীজ, ১০ কেজি করে ডিএপি সার এবং ১০ কেজি করে এমওপি সার, একশ ত্রিশ জন কৃষকের মধ্যে প্রত্যেককে ৫ কেজি করে মসুর বীজ, ১০ কেজি করে ডিএপি সার এবং ৫ কেজি করে এমওপি সার বিনামূল্যে প্রদান করা হয়েছে। এছাড়া ৫০ ভাগ ভর্তুকি মূল্যে হারভেস্টার মেশিন ও বীজ প্রক্রিয়াকরণ মেশিন বিতরণ করা হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম